তীরে তরি ডুবল অনূর্ধ্ব-১৯ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার যুবাদের ১৭৯ রানে আটকে রেখে নিশ্চয়ই সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশের যুবারা। কিন্তু কে জানত, কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে মাত্র ৪ রানে হারের হতাশায় পুড়তে হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে! পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-০তে এগিয়ে স্বাগতিকেরা।
অবশ্য পরাজয়ের ব্যবধান শেষ পর্যন্ত ৪ রানে নিয়ে আসতে পারাও একটা ‘সাফল্য’ বাংলাদেশের জন্য। ১৮০ রানের জয়ের লক্ষ্যে মাত্র ৫২ রানেই যে হারাতে হয়েছিল ৬ উইকেট! তার পরও জয়ের স্বপ্ন দেখান সাত নম্বর ব্যাটসম্যান শাহনূর রহমান। ১২৩ বলে ৭২ রানের ইনিংস খেলেও শেষ রক্ষা করতে পারেননি তিনি।
এর আগে ৯২ রানে ৪ উইকেট তুলে বাংলাদেশের বোলাররা ভালোই চেপে ধরেছিল স্বাগতিকদের। কিন্তু ওয়ান ডাউনে নামা চারিথ আসালাঙ্কার (৬৮) ফিফটির সৌজন্যে স্বাগতিকদের করা ৯ উইকেটে ১৭৯ রান জয়ের জন্য হলো যথেষ্টই।
সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ১৭৯/৯ (আসালাঙ্কা ৬৮, রান্ডিকা ২৪; নাহিদ ২/৩৪, সাইফুদ্দিন ২/৪৪, মেহেদী ২/১৫, সালেহ ৩/১৭, শাহনূর ০/২৮, সঞ্জিত ০/৩৬)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭.১ ওভারে ১৭৫ (মুনিম ৩, সাইফ ৪, নাজমুল ৩, জাকির ১৩, জয়রাজ ৩, মেহেদী ৮, শাহনূর ৭২, সাইফুদ্দিন ২৯, সঞ্জিত ৬, নাহিদ ৮, সালেহ ০*; ফার্নান্ডো ৬/৩৭)।

ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ৪ রানে জয়ী।