তুলির শেষ আঁচড়ের অপেক্ষা
হিথ স্ট্রিক কোনোকালে ফুটবলার ছিলেন নাকি! ডান প্রান্ত থেকে যে রকম নিখুঁত ক্রস উড়িয়ে মারলেন, সেটা একমাত্র আসল ফুটবলারের পক্ষেই সম্ভব। বলটা উড়ে গিয়ে নামল ঠিক গোলপোস্টের সামনে দাঁড়ানো তামিম ইকবালের মাথায়। এর আগে গোলের দু-তিনটি সহজ সুযোগ মিস করলেও এবার আর ভুল করলেন না। তামিমের দারুণ এক হেডে হয়ে গেল আধা ঘণ্টার ম্যাচের একমাত্র গোলটি।
ক্রিকেট দলের অনুশীলনে ফুটবল খেলা নতুন কিছু নয়। তবে কাল যেন খেলাটা একটু বেশিই উপভোগ করল বাংলাদেশ দলের সবাই। বল পায়ে মাহমুদউল্লাহর কারিকুরি চোখে পড়ার মতো। সাকিব আল হাসানের আগ্রহ দূরপাল্লার শটে। মুশফিকুর রহিম দেখা গেল ছোট ছোট পাসে খেলতে চান। শফিউল ইসলাম আর তাইজুল ইসলামও ভালোই তাল মেলাতে পারেন বলের গতির সঙ্গে। আর সুযোগসন্ধানী স্ট্রাইকারের মতো তামিমকে সব সময়ই খুঁজে পাওয়া গেল প্রতিপক্ষের গোলপোস্টের সামনে।
ঐচ্ছিক অনুশীলন ছিল। তার মানে যার ইচ্ছা আসবে। কাল সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অনুশীলনে চলে এল পুরো বাংলাদেশ দলই! এসব দিনে যে সাকিব হোটেলেই সময় কাটাতে পছন্দ করেন, কাল তিনি শুধু মাঠেই এলেন না, ফুটবল খেলার পর নেটে ব্যাটিংও করলেন। অবশ্য ফুটবল খেলাটা বাদ দিলে ঐচ্ছিক অনুশীলনের হালকা মেজাজ ছিল সবার মধ্যেই। কোচ চন্ডিকা হাথুরুসিংহে তো নেটে খেলোয়াড়দের দেখার চেয়ে বেশি সময় ব্যয় করলেন কিউরেটর জাহিদ রেজার সঙ্গে আলোচনায়! চট্টগ্রাম টেস্টের উইকেটের ধরন-ধারণ, অতীত ইতিহাস জানলেন। আলোচনাটা গড়িয়েছে আরও বৃহত্তর পরিসরে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের যে এখন থেকেই ঘাসের উইকেটে খেলে অভ্যস্ত হওয়া উচিত, হাথুরুসিংহের দিক থেকে নাকি সেটাই ছিল আলোচনার মূল বিষয়।
তাত্ত্বিকভাবে অধিনায়ক মুশফিকুর রহিমও একমত কোচের সঙ্গে। কিন্তু অন্তত এই সিরিজে তিনি তা চাচ্ছেন বলে মনে হলো না। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে উইকেট প্রসঙ্গে মুশফিক শুরুতে বললেন, ‘বিশ্বকাপের আগে অন্য কন্ডিশনে খেলা আমাদের জন্য আরও ভালো হতে পারত’, কিন্তু সঙ্গে সঙ্গেই যোগ করেছেন, ‘এই সিরিজের পর অনেক সময় থাকবে। আমরা তখন বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারব। হয়তো ওখানে দল একটু আগে চলে যাবে। তখন কিছু সময় পাওয়া যাবে।’ ব্যাখ্যা করলেন জিম্বাবুয়ের বিপক্ষেÿসিরিজটাকে কোনো কিছুর পরীক্ষা-নিরীক্ষা বানাতে না চাওয়ার কারণও, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো দল হিসেবে পারফর্ম করা। ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি যেটাই খেলেন না কেন, জয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষ দুটি ম্যাচ জিতেছি, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা।’
ম্যাচ জিতলে জয়ের আনন্দে ভুলত্রুটি ঢেকে যায়। কিন্তু আরেকটা পরীক্ষায় নামার আগে সে অদৃশ্য হয়ে যাওয়া ভুলত্রুটিগুলোর সংশোধনও জরুরি। সাকিবের সেঞ্চুরি আর ১০ উইকেট, তামিমের সেঞ্চুরি কিংবা মাহমুদউল্লাহর ধারাবাহিকভাবে ভালো খেলার মধ্যেও যেমন নতুন কিছু করণীয় খুঁজে পেলেন অধিনায়ক, ‘আমি একটা জিনিসই বলব, যারা ৫০ করে আউট হচ্ছে, তারা যেন বড় ইনিংস খেলতে পারে। সেদিক থেকে আমাদের এখনো কিছু কাজ করার বাকি আছে।’ পাকিস্তান-নিউজিল্যান্ড আবুধাবি টেস্ট থেকে উদাহরণ হিসেবে নিলেন ইউনুস খান আর মিসবাহ-উল হককে, ‘ব্যাটসম্যানরা অফ ফর্মে যাবেই। আর ভালো সময়ও জীবনে আসবেই। এটাকে যত বেশি কাজে লাগানো যায়। ইউনুস খান বা মিসবাহকে দেখেন, যখনই সুযোগ পাচ্ছে চার ইনিংস-পাঁচ ইনিংস ধরে ১০০ করছে। আমাদের মানসিকতাও ওই রকম হওয়া উচিত। ওদের কাছ আমাদের অনেক কিছু শেখার আছে।’
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা আর ব্যক্তিগত লক্ষ্য তো আছেই, র্যাংকিংয়ে জিম্বাবুয়ের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ানোর জন্যও এই সিরিজটা ৩-০ তে জিততে চান মুশফিক। সিরিজ জিতে যাওয়ার পর দল আত্মতুষ্টিতে ভুগছে কি না, উড়িয়ে দিলেন এমন প্রশ্নও, ‘আমার মনে হয় না এ রকম কোনো ব্যাপার আছে। এ বছর আমরা কিছু ম্যাচে যেভাবে হেরেছি, সেদিক থেকে আমাদের প্রমাণ করার অনেক কিছু আছে। আমরা খুব বেশি টেস্ট খেলি না বলে প্রতিটা টেস্টেই আমাদের প্রমাণ করার কিছু থাকে। অবশ্যই চেষ্টা করব যেন ৩-০ তে সিরিজ জিততে পারি। এ রকম সুযোগ সব সময় আসে না।’
আর একবার যখন সুযোগটা পাওয়াই গেছে, বাংলাদেশ দল সেটা লুফে নিতে প্রস্তুত। ফুটবল খেলা, হালকা মেজাজের অনুশীলন আর অনুশীলনের ফাঁকে নিজেদের মধ্যে খুনসুটি-দুষ্টুমিতে কাল সুখী সংসারের যে ছবিটা ফুটিয়ে তুলল তারা, তাতে এবার তুলির শেষ আঁচড় দেওয়ার পালা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ
১২ টেস্ট
০ জয় ৮ হার ৪ ড্র
দলীয় সর্বোচ্চ
৫০১ বিপক্ষ নিউজিল্যান্ড, ২০১৩
(এই মাঠে সর্বোচ্চ স্কোর ৫৯৯/৬ ডি., ইংল্যান্ড, ২০১০ সাল)
দলীয় সর্বনিম্ন
১১৯ বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০০৮
সবচেয়ে বেশি রান
৭২৩ মুশফিকুর রহিম
সর্বোচ্চ ইনিংস
১৮১ মুমিনুল হক
বিপক্ষ নিউজিল্যান্ড ২০০৮
(এই মাঠে সর্বোচ্চ ইনিংস ৩১৯, কুমার সাঙ্গাকারা, ২০১০ সাল)
সবচেয়ে বেশি উইকেট
৩৯ সাকিব আল হাসান
সেরা বোলিং
৭/৩৬ সাকিব আল হাসান বিপক্ষ নিউজিল্যান্ড, ২০০৮