তুষার-আলো জ্বলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাট উঁচিয়ে ফিরছেন তুষার ইমরান—বিসিএলে এই ছবিটা এখন আর নতুন কিছু নয়। কাল বিকেএসপিতে ডাবল সেঞ্চুরি করার পর l সৌজন্য ছবি
ব্যাট উঁচিয়ে ফিরছেন তুষার ইমরান—বিসিএলে এই ছবিটা এখন আর নতুন কিছু নয়। কাল বিকেএসপিতে ডাবল সেঞ্চুরি করার পর l সৌজন্য ছবি

শাহরিয়ার নাফীসের সোজাসাপটা কথা। তুষার ইমরানকে দেখে তাঁরা শিখছেন। তাঁর কাছ থেকেই নিচ্ছেন অনুপ্রেরণা। সেটারই ফল বিকেএসপিতে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে বিসিএলের শেষ রাউন্ডের ম্যাচের দ্বিতীয় দিন শেষে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ৮ উইকেটে করা ৭০১ রান। শাহরিয়ারের ১৭০ রানে অপরাজিত থাকাও কি নয়!
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ বছরের অভিজ্ঞতার আলোয় আলোকিত এবার তুষার ইমরান। জাতীয় লিগের শেষ তিন ম্যাচে সেঞ্চুরি করার পর বিসিএলেও আছেন উত্তুঙ্গ ফর্মে। এক ম্যাচ আগে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছেন। কাল প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি করলেন দক্ষিণাঞ্চলের এই ব্যাটসম্যান। মজার ব্যাপার হলো, উত্তরাঞ্চলের বিপক্ষে করা ডাবল সেঞ্চুরিতে শাহরিয়ারের সঙ্গে ২১৫ রানের জুটি হয়েছিল তুষারের। কাল ওয়ালটনের বিপক্ষেও চতুর্থ উইকেটে ঠিক ২১৫ রানেরই জুটি হলো দুজনের। মহিরুহ হয়ে ওঠা এই দুই ব্যাটসম্যানের সামনে অসহায় হয়ে পড়া মধ্যাঞ্চলের চার বোলার দিয়েছেন এক শর ওপরে রান। সবচেয়ে বেশি ২০২ রান দিয়েছেন শুভাগত হোম। অবশ্য সবচেয়ে বেশি ৩ উইকেটও গেছে তাঁরই দখলে।
শাহরিয়ার মুগ্ধ অগ্রজ সতীর্থের এমন ব্যাটিংয়ে, ‘তুষার ভাই অসাধারণ খেলছেন। আজ (গতকাল) তো পায়ের মাংসপেশিতে টান পড়ায় বাজে শট খেলে আউট হয়ে গেলেন। নইলে কোথায় গিয়ে থামতেন কে জানে!’ বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে তিনটি ডাবল সেঞ্চুরি ছিল শুধু অলক কাপালি ও মোসাদ্দেক হোসেনের।
শাহরিয়ারের ডাবল সেঞ্চুরি একটি। দ্বিতীয়টির দেখা আজই পেয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। পাঁচ নম্বরে নেমে কাল দিন শেষে ১৭০ রানে অপরাজিত বাঁহাতি এই ব্যাটসম্যান। আজ তাঁর ইনিংসে আর ৩০ রান যোগ হলেই হয়তো ইনিংস ঘোষণা করে দেবে দক্ষিণাঞ্চল। তাতে ইনিংস ব্যবধানে জিতে শিরোপা জয়ের একটা সম্ভাবনা থাকে। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই রাউন্ড শুরু করেছে দক্ষিণাঞ্চল।
সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের আগে আছে শুধু বিসিবি উত্তরাঞ্চল। শেষ রাউন্ডের ম্যাচেও দ্বিতীয় দিন পর্যন্ত তারাই এগিয়ে। তবে কাল দিনের শুরুটা ভালো ছিল না তাদের জন্য। ফতুল্লায় ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিনে ৫ উইকেটে ৩০৫ রান করলেও কাল মাত্র ৬৯ রানে পড়ে যায় শেষ ৫ উইকেট। পূর্বাঞ্চলের পেসার আবুল হাসান এক ওভারেই তুলে নেন ধীমান ঘোষ ও ফরহাদ রেজার উইকেট।
দিন শেষে ৭ উইকেটে ১৯২ রান করে প্রথম ইনিংসে এখনো ১৮২ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। ৭ উইকেটের ৫টিই পেয়েছেন শফিউল ইসলাম। জাতীয় দলের বাইরে থাকা পেসার ক্যারিয়ারে দ্বিতীয়বার পেলেন ৫ উইকেট। ১২৮ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর পূর্বাঞ্চলকে কিছুটা ভরসা দেওয়ার চেষ্টা করছেন সাইফুদ্দিন (৩৫*) ও রাহাতুল ফেরদৌস (২৩*)। ম্যাচের যা পরিস্থিতি, শাহরিয়ারের মতো তাদের সামনেও একজন ‘তুষার ইমরান’ থাকলে খারাপ হতো না।
সংক্ষিপ্ত স্কোর
উত্তরাঞ্চল-পূর্বাঞ্চল, ফতুল্লা
বিসিবি উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১১১.৩ ওভারে ৩৭৪ (ফরহাদ হোসেন ১০৮, জুনায়েদ ৮৪, ধীমান ৪৭, নাজমুল ৪৩, নাসির ৪০; সাইফউদ্দিন ৪/৫৫, আবুল হাসান ৩/৮৫)। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯২/৭ (সাইফউদ্দিন ৩৫*, অলক ৩২; শফিউল ৫/৫৬)।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল, বিকেএসপি
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১৮০ ওভারে ৭০১/৮ (তুষার ২১৭, শাহরিয়ার ১৭০*, মিঠুন ১৩১, ইমরুল ৫৭, ফজলে ৩৯, আল আমিন ৩৪; শুভাগত ৩/২০২, তানভীর ২/৬৫)।