তুষারের ডাবল সেঞ্চুরি

এত দূরে যখন গেলেন, ট্রিপল সেঞ্চুরিটা করেই ফিরতেন! ৩০০ রানের মাইলফলকটা অবশ্য বেশ দূরেই ছিল। তবে বিকেএসপিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএলে) গত দুই দিনে তুষার ইমরান যে ব্যাটিং করেছেন, তাতে এই আশাটা অমূলক ছিল না। তবে ট্রিপল না হলেও ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেননি তুষার। নাসিরকে সুইপ করতে গিয়ে বোল্ড হওয়ার আগে করেছেন ২২০ রান, যেটি তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ। প্রথম শ্রেণির ক্রিকেটে তুষারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি ৫০১ রানের পাহাড়ে তুলে দিয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলকে।
ডিসেম্বর-জানুয়ারিতে জাতীয় লিগের শেষ তিন ম্যাচে টানা সেঞ্চুরি করা তুষার বিসিএলের প্রথম তিন রাউন্ডেও ছিলেন ছন্দে। দুটি ফিফটি পেলেও ইনিংসগুলো কেন যেন তিন অঙ্ক ছোঁয়নি। রানের ক্ষুধাটা যে তাঁকে ভালোই পেয়ে বসেছিল, বোঝা গেল বিসিএলের চতুর্থ রাউন্ডে। বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে পরশু অপরাজিত ছিলেন ১২৭ রানে। সেঞ্চুরিকে কাল রূপ দিলেন ‘ডাবলে’। ঝকমকে ইনিংসটা তুষার সাজিয়েছিলেন ২২ চার ও ৩ ছক্কায়। প্রায় সাড়ে সাত ঘণ্টা উইকেটে থেকে খেলেছেন ৩৬৯ বল। শাহরিয়ার নাফীসের সঙ্গে চতুর্থ উইকেটে ২১৫ রানের জুটি গড়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। সানজামুল ইসলামের বলে শাহরিয়ার আউট হয়েছেন ৭৪ রান করে। পরে তুষারের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৯৬ রান যোগ করে নাসিরকেই ফিরতি ক্যাচ দিয়েছেন মোসাদ্দেক। কিন্তু তুষারের প্রতিরোধ জারি ছিল এরপরও। না, ট্রিপল সেঞ্চুরি হয়নি বলে আফসোস নেই তুষারের। ডাবল সেঞ্চুরি করতে পেরেই তিনি খুশি, ‘ইনিংসটা নিয়ে আমি খুশি। আরও ৩০ রান হতে পারত। শেষ দিকে বল অবশ্য টার্ন করছিল।’
আগের দিনের ৩ উইকেটে ২৯২ রান নিয়ে খেলতে নেমে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল আরও ২০৯ রান যোগ করে অলআউট ৫০১ রানে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে উত্তরাঞ্চল। ৪ উইকেটে ১০৭ রান তুলে দিন শেষ করেছেন নাসিররা, এখনো পিছিয়ে ৩৯৪ রানে।
ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিংয়ে নিয়মিত আলো ছড়াচ্ছেন তুষার, বোলিংয়ে আবু জায়েদ। ফতুল্লায় মধ্যাঞ্চলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন পূর্বাঞ্চলের এই তরুণ পেসার। ৭৭ রানে নিয়েছেন ৫ উইকেট। সর্বশেষ ছয় ম্যাচে এ নিয়ে পাঁচবার ৫ উইকেট পেলেন জায়েদ। আগের দিনের ৭ উইকেটে ২৩২ রান নিয়ে খেলতে নামা মধ্যাঞ্চল কাল অলআউট ৩২৮ রানে। নয়ে নামা মোহাম্মদ শরীফের ৭০ রানের সৌজন্যে বর্তমান চ্যাম্পিয়নদের স্কোর ৩০০ পেরিয়েছে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে পূর্বাঞ্চলও হাসি মুখে দিন শেষ করতে পারেনি। তারা ৬ উইকেটে ১১৪, এখনো পিছিয়ে ২১৪ রানে। ব্যাটিংয়ের পর বোলিংয়েও জ্বলে উঠেছেন শরীফ, ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১৪৪.৪ ওভারে ৫০১ (তুষার ২২০, শাহরিয়ার ৭৪, মোসাদ্দেক ৫৭, এনামুল ৩৯, ইমরুল ৩১, সৌম্য ২৬; সোহরাওয়ার্দী ৪/১০৫, নাসির ২/৭৭, সানজামুল ২/১৭৩)।
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯ ওভারে ১০৭/৪ (ফরহাদ রেজা ৫৬, নাজমুল ২৪, ধীমান ৮*; নাহিদ ৩/৪০, রাজ্জাক ১/৩৬)।
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১১৫.১ ওভারে ৩২৮ (শরীফ ৭০, নুরুল ৬৫, শুভাগত ৪৬, মার্শাল ৩৭, মোশাররফ ২২; আবু জায়েদ ৫/৭৭, আফিফ ২/২০, সাকলাইন ২/৬৭, আবুল হাসান ১/৬২)।
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৩৯.৪ ওভারে ১১৪/৬ (ইমতিয়াজ ৩৬, মুমিনুল ২৪, লিটন ১৮, জাকির ১৮; শরীফ ৪/২৪, মোশাররফ ১/১৫, কামরুল ১/৩১)।