তুষারের ৪ রানের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুষার ইমরান প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন আগের দিন। কাল রেকর্ড বইয়ের বাংলাদেশ অধ্যায়ের আরেকটি পাতাও প্রায় নিজের করে নিতে যাচ্ছিলেন বাংলাদেশ দলের সাবেক ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি সেঞ্চুরির! মাত্র ৪ রানের জন্য ১৯তম সেঞ্চুরিটা কাল ফেলে এলেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান। অবশ্য ১৮ সেঞ্চুরি নিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকেই মোহাম্মদ আশরাফুলের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছেন তুষার।
কাল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তুষার আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে দলকে ৩৩৫ রানে রেখে। ৪ উইকেটে ২৪৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা দক্ষিণাঞ্চল অলআউট ৩৪১ রানে। ১৯০ বলে ১১ চারে ৯৬ রান করে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন তুষার। বিসিবি উত্তরাঞ্চলের সানজামুল ইসলাম ১১৬ রানে নিয়েছেন ৬ উইকেট। এই বাঁহাতি স্পিনার এই মৌসুমে জাতীয় লিগ ও বিসিএল মিলিয়ে চারবার ইনিংসে ৬ বা তার বেশি উইকেট নিলেন।
কক্সবাজার একাডেমি মাঠে সানজামুলের দল পরে ৩ উইকেটে ২৩৭ রান তুলে এগিয়ে গেছে ১৯২ রানে দ্বিতীয় ইনিংসে। ক্যারিয়ার-সর্বোচ্চ ১০৫ রান করে অপরাজিত আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো নাজমুল হোসেন (শান্ত)। তাঁর ১৭৭ বলের ইনিংসে চার ১৩টি। ৭ রানেই ২ উইকেট পড়ে গেলে উইকেটে এসে জহুরুল ইসলামের সঙ্গে ১৬৫ রানের জুটি গড়েন নাজমুল। ১৩৫ বলে ৭ চারে ৭৪ রান করে আউট হয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার জহুরুল।
একই শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষেও দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি। ২ উইকেটে ১৪২ রান নিয়ে দিন শুরু করা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল তৃতীয় দিনটা শেষ করেছে ৭ উইকেটে ৩৭৬ রান তুলে। ফলোঅন এড়াতে আরও ৬৩ রান দরকার পূর্বাঞ্চলের। দলটির অধিনায়ক মুমিনুল পরশু আউট হয়েছেন ৮৯ রানে। কাল সর্বোচ্চ ৭৩ রান করেছেন অলক কাপালি। ফিফটি পেয়েছেন ইয়াসির আলীও (৫৯)। ৪৫ রান নিয়ে আজ শেষ দিন শুরু করবেন মোহাম্মদ সাইফউদ্দিন।