তুষার-অলকদের জন্য 'এ' দল চান মিনহাজুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট-দশ বছর আগেও জাতীয় ক্রিকেট দলে ঘুরেফিরে কিছু পরিচিত মুখই দেখা যেত। পারফরম্যান্সের কারণে কেউ দল থেকে বাদ পড়লেও দলে ফিরতে ভালো খেলাটা জরুরি ছিল না তাঁদের জন্য। অন্য কেউ খারাপ খেললেই হতো!
গত কয়েক বছরে ব্যাপারটা একটু বদলেছে। এখন পারফর্ম করে দলে ফিরতে হয়। কিন্তু সে রকম পারফরমার না পেলে শূন্যস্থান পূরণ করতে কোচ-নির্বাচকেরা ছোটেন শুধু নতুনদের পিছু। পুরোনো, অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে কেউ ঘরোয়া ক্রিকেটে টানা ভালো খেললেও তাঁদের ওপর সদয় দৃষ্টি খুব একটা পড়ে না।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের কালকের কথায় মনে হলো, সেই দৃষ্টিভঙ্গিতে বদল আসতে শুরু করেছে। ভালো খেললে নতুন-পুরোনো সবার জন্যই তাঁর দুয়ার খোলা, ‘ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকজন খেলোয়াড় অনেক দিন ধরেই অসাধারণ পারফর্ম করছে। তুষার ইমরান ও অলক কাপালিরা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। এদের একটা প্ল্যাটফর্ম দিতে হবে। অবশ্যই তারা আমাদের নজরে আছে। বয়সের জন্য তাদের আমরা আমাদের নজরের বাইরে নিয়ে যাইনি।’
জাতীয় দলে খেলা তিন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান, শাহরিয়ার নাফীস ও অলক কাপালি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার। গত জাতীয় লিগ ও চলতি বিসিএলে তাঁদের ব্যাটিং সবার মনোযোগ কেড়েছে। কিন্তু তিনজনেরই দুর্ভাগ্য, ‘এ’ দলের কোনো খেলা না থাকায় জাতীয় দলে ফেরার পথটাই হয়ে আছে বন্ধ। তাঁদের প্রতি সহানুভূতিশীল প্রধান নির্বাচকও, ‘“এ” দলের সফর হচ্ছে না অনেক দিন ধরে। গত এক বছর আমরা এইচপির কোনো প্রোগ্রাম করতে পারিনি। ওদের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অবশ্যই “এ” দল বা এইচপি দলের হয়ে কোনো িসরিজ খেলতে হবে। দেখতে হবে তাদের অবস্থানটা কোথায়।’
ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরও ‘এ’ দল, এইচপির আলোচনা আসার একটাই কারণ, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের উইকেট এখনো মানসম্মত নয়। এখানে ভালো ব্যাটিং করলেও তা আসলে কতটা ভালো, সে প্রশ্ন থাকেই। মিনহাজুলের ভাষায়, ‘বিকেএসপিতে যে উইকেটে খেলা হয়, পৃথিবীর আর কোনো দেশে এমন ফ্ল্যাট উইকেটে খেলা হয় না। যেসব খেলোয়াড় রান করছে তাদের জাতীয় দলে সুযোগ দিতে হলে আগে অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে। তখন আমরা তাদের আন্তর্জাতিক পর্যায়ে খেলার সক্ষমতা দেখতে পারব। এখন ২৪ জনের পুল থেকেই আমরা খেলোয়াড়দের বিবেচনা করছি। “এ” দলের খেলা হলে এসব খেলোয়াড়কে সুযোগ করে দিতে পারব।’