তুষার-রাজ্জাককে মাশরাফি-সাকিবদের সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

☀  কদিন আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার গড়েছেন ১০ হাজার রানের রেকর্ড।

☀  রাজ্জাক গড়েছেন প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি।

☀  দুজনকেই আজ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ দল।

ঘরোয়া ক্রিকেটের দুই ‘গ্রেট’কে সংবর্ধনা দিল মাশরাফি-সাকিবরা। ফাইল ছবি
ঘরোয়া ক্রিকেটের দুই ‘গ্রেট’কে সংবর্ধনা দিল মাশরাফি-সাকিবরা। ফাইল ছবি

বিসিএলের তৃতীয় রাউন্ড শেষে তুষার ইমরানই কাল রাতে মুঠোফোনে রাজশাহী থেকে জানিয়েছিলেন, আজ তাঁকে ও আবদুর রাজ্জাককে বিশেষ সংবর্ধনা দেওয়া হতে পারে। বাংলাদেশ দল আজ মিরপুরে টসের আগে বিশেষ সম্মান জানিয়েছে দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারকে।

কদিন আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার গড়েছেন ১০ হাজার রানের রেকর্ড। আর রাজ্জাক গড়েছেন প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫০০ উইকেটের কীর্তি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত এই দুই ক্রিকেটারকে নিয়ে কদিন আগে মাশরাফি বলছিলেন, খেলোয়াড়েরা সব সময়ই সম্মান করেন দুজনকে, ‘তুষার ইমরান ১০ হাজার রান করেছে, রাজ্জাক ৫০০ উইকেট পেয়েছে। তাদের যে সম্মানটা মন থেকে দেওয়া দরকার, খেলোয়াড়েরা সেটা দিচ্ছে।’

বাংলাদেশ দলের সঙ্গে ম্যাচের আগে  তুষার ইমরান ও আবদুর  রাজ্জাক। ছবি: প্রথম আলো
বাংলাদেশ দলের সঙ্গে ম্যাচের আগে তুষার ইমরান ও আবদুর রাজ্জাক। ছবি: প্রথম আলো

মন থেকে জানালেও আনুষ্ঠানিকতার একটা ব্যাপার তো থাকেই। সেটিও হলো আজ। একটু দেরিতে হলেও আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে রাজ্জাক-তুষারকে। দিয়েছে বাংলাদেশ দল, আরও নির্দিষ্ট করে বললে খেলোয়াড়েরাই। টসের আগে ‘৫০০’ লেখা একটা ক্রেস্ট রাজ্জাকের হাতে তুলে দিয়েছেন সাকিব আল হাসান। আর ‘১০০০০’ লেখা একটা ক্রেস্ট তুষারকে তুলে দিয়েছেন মাশরাফি। করতালি দিয়ে দুজনকে অভিনন্দিত করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা ও টিম ম্যানেজমেন্ট।

খুব ছোট্ট একটা আয়োজন। কিন্তু তাতে আন্তরিকতাটা ছিল আকাশছোঁয়াই।