তৃতীয় ম্যাচেও হারল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯১ রানের এক দারুণ ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। ছবি: ভারতীয় ক্রিকেট বোর্ড
৯১ রানের এক দারুণ ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। ছবি: ভারতীয় ক্রিকেট বোর্ড

মাহেলা জয়াবর্ধনের অনবদ্য সেঞ্চুরিটি শ্রীলঙ্কার সংগ্রহকে সম্মানজনক চেহারা দিয়েছিল বটে, কিন্তু সেটা যে জয়ের জন্য যথেষ্ট ছিল না দিন শেষে তা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলেন শিখর ধাওয়ান-বিরাট কোহলিরা। লঙ্কানদের বেঁধে দেওয়া ২৪৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়েই জয়টা নিশ্চিত করে ফেলেছে ভারত। হায়দরাবাদের টানা তৃতীয় ম্যাচটি জিতে পাঁচ ম্যাচের সিরিজটাও এখন তাদের দখলেই।
শ্রীলঙ্কার ইনিংসের প্রাণভোমরাই ছিল জয়াবর্ধনের ইনিংসটি। তাঁর ১১৮ রানের ইনিংসটির সঙ্গে তিলকরত্নে দিলশানের ৫৩ ছিল মান বাঁচানিয়াও। এই দুটি ইনিংস বাদে তৃতীয় সর্বোচ্চটি ছিল ২৯ রানের, সিক্কুগে প্রসন্নর। লঙ্কানদের ইনিংসে বিপদের কারণ হয়েছিলেন উমেশ যাদব, ৫৩ রানে তিনি তুলে নিয়েছেন ৪ উইকেট। অক্ষর প্যাটেলের সংগ্রহ ৩ উইকেট। এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন ও আমবাতি রাউডু—দুজনেই তুলে নিয়েছেন একটি করে উইকেট।
২৪৩ রান করতে হবে এমন লক্ষ্যমাত্রা খুব একটা কঠিন হওয়ার ছিল না ভারতের জন্য। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে তা কঠিন মনে হয়নি ভারতীয় টপ অর্ডারদের ব্যাটিংশৈলীর কারণে। শিখর ধাওয়ান সেঞ্চুরি পাননি। ৯১ রানে তিনি কুলাসেকেরার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুমার সাঙ্গাকারাকে। বিরাট কোহলি ৫৩ রানের ইনিংস খেলে দিলশানের বলে ধরা পড়েন গামাগের হাতে।
ধাওয়ান ও কোহলির ইনিংস দুটির পাশাপাশি অজিঙ্ক রাহানের ৩১, আমবাতি রাউডুর ৩৫ আর সুরেশ রায়নার অপরাজিত ১৮ রান ভারতকে সহজেই পৌঁছে দেয় জয়ের বন্দরে। শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নিয়েছেন কুলাসেকেরা, পেরেরা ও দিলশান।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা অবশ্য উঠেছে ওই জয়াবর্ধনের হাতেই। সূত্র: স্টার স্পোর্টস