তৃতীয় দিন শেষেই হার দেখছে বাংলাদেশ

২৭ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইমন হারমারের বলটা হাঁটু গেড়ে ঠেকাতে গেলেন তামিম ইকবাল, ব্যাটের হাতলে লেগে বল গেল দ্বিতীয় স্লিপে। অন্য প্রান্তে থাকা মুমিনুল হকের সঙ্গে এরপর কিছু একটা আলোচনা করলেন তামিম, সেটি যে রিভিউ সংক্রান্ত কিছু নয়—বলাই যায়। ২৭ রানের মধ্যে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফিরলেন তামিম, দিনের খেলাও শেষ হয়ে গেল তাতেই। পোর্ট এলিজাবেথ টেস্টে বাংলাদেশের সামনে থাকল শুধু অথৈ পাথার।

পোর্ট এলিজাবেথের তৃতীয় দিনই ফিরে এল ডারবানের চতুর্থ দিনের ‘স্মৃতি’। ২৭৪ রানের লক্ষ্যে প্রথম টেস্টে চতুর্থ দিন শেষ সেশনেই বাংলাদেশ হারিয়ে ফেলেছিল ৩ উইকেট, এবার তৃতীয় দিনের শেষ সেশনেই তা-ই। এবারও স্পিনেই হুমড়ি খেয়ে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার।

জাভেদ ওমর বেলিমের পর দ্বিতীয় বাংলাদেশি ওপেনার হিসেবে টেস্টে ‘পেয়ার’ বা দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন মাহমুদুল হাসান, কেশব মহারাজের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে ধরা পড়েছেন। মহারাজের টার্ন করা বলে সামনের পায়ে না পেছনের পায়ে খেলবেন সিদ্ধান্ত নিতে নিতেই এলবিডব্লুর ফাঁদে পড়েছেন নাজমুল।

জাভেদ ওমর বেলিমের পর দ্বিতীয় বাংলাদেশি ওপেনার হিসেবে টেস্টে ‘পেয়ার’ বা দুই ইনিংসেই শূন্য রানে ফিরেছেন মাহমুদুল হাসান
এএফপি

এর আগে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪১৩ রানে। ড্রয়ের জন্যই খেলতে হবে আরও দুইদিন। দুটির একটি করতে পারলেই যে অবিশ্বাস্য কিছু হবে, সেটি আলাদা করে না বললেও চলছে। বাংলাদেশকে ভাঙতে হবে রেকর্ডও—এর আগে এ মাঠে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি প্রায় ২৫ বছরের পুরোনো। ২৭০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া জিতেছিল ২ উইকেটে। ড্র করতে হলেও ছাড়িয়ে যেতে হবে ২১ বছর আগে ৯৬.২ ওভার ব্যাটিং করে ভারতের ম্যাচ বাঁচানোর কীর্তিকে। আর টেস্টে ২১৫ রানের বেশি লক্ষ্যে এর আগে কখনো জেতেনি বাংলাদেশ।

শেষ বেলায় বাংলাদেশকে আরেকবার ব্যাটিং করানোর লক্ষ্যেই হয়তো দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা, শেষ পর্যন্ত ওভারপ্রতি ৪.৪১ রান তুলেছে তারা। শেষ দিকে কাইল ভেরেইনা খেলেছেন ৩০ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৩ উইকেট নিয়েছেন ৬৭ রানে।

লড়াই করতে পারেননি তামিমও
এএফপি

ম্যাচে তাইজুলের বোলিং ফিগার দাঁড়াল ২০২ রানে ৯ উইকেট। বিদেশের মাটিতে ম্যাচে বাংলাদেশি বোলারদের উইকেটসংখ্যায় তাইজুল ছুঁয়ে ফেললেন মেহেদী হাসান মিরাজ ও রবিউল ইসলামকে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৮ রানে ৯ উইকেট নিয়েছিলেন মিরাজ। রবিউলের রেকর্ডও জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০১৩ সালে ১৫৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২১৭ রানেই। ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে দিন শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী, প্রথম ঘণ্টায় অবিচ্ছিন্নই ছিলেন তাঁরা। তবে ইয়াসির আলী থামেন অর্ধশতক থেকে ৪ রান দূরেই, মহারাজকে ফিরতি ক্যাচ দিয়ে। মধ্যাহ্নবিরতির মিনিট পাঁচেক আগে ‘আত্মহত্যা’ করেছেন মুশফিক, সাইমন হারমারের ফুল লেংথের বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্টাম্প হারিয়েছেন। বাংলাদেশের ইনিংস পথ হারিয়েছে তাতেই। বিরতির পর তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন ফেরেন ১৪ বলের মধ্যেই। প্রথম ইনিংস শেষেই তাই বাংলাদেশ লড়াই থেকে ছিটকে পড়ে ভালোভাবেই।

ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তাইজুল
এএফপি

ডারবানের সঙ্গে পোর্ট এলিজাবেথের পার্থক্যটাও স্পষ্ট হয় আরেকবার। চতুর্থ দিনের শেষবেলার ওই দুঃস্বপ্ন বাদ দিলে ডারবানে দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে এবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে পার্থক্যটা স্পষ্ট হয়ে পড়ল বারবারই। এক তাইজুল ছাড়া সে অর্থে লড়াইও করতে পারলেন না কেউ এখন পর্যন্ত।

চতুর্থ দিন নতুন কোনো লড়াইয়ের সেনানী পাবে বাংলাদেশ?