তৃতীয় দিনটি ওকসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউন্ডারি বাঁচানো তো হলোই না, উল্টো বল ধরতে গিয়ে শরীরের ‘ব্যালান্স’ হারালেন ইংল্যান্ডের গ্যারি ব্যালান্স। কাল লর্ডসে l এএফপি
বাউন্ডারি বাঁচানো তো হলোই না, উল্টো বল ধরতে গিয়ে শরীরের ‘ব্যালান্স’ হারালেন ইংল্যান্ডের গ্যারি ব্যালান্স। কাল লর্ডসে l এএফপি

প্রথম দুই দিনে এতটাই আলো ছড়ালেন মিসবাহ-উল-হক ও ইয়াসির শাহ, পার্শ্বনায়ক হয়েই থাকতে হয়েছে ক্রিস ওকসকে। কাল আর কাউকে সুযোগ দেননি, নায়কের আসনে বসলেন এই ইংলিশ অলরাউন্ডার। পাকিস্তানে দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ৫ উইকেট। গত ৫০ বছরে তৃতীয় ইংলিশ পেসার হিসেবে লর্ডসে ম্যাচে ১০ উইকেট। তবু স্বস্তিতে নেই তাঁর দল। তৃতীয় দিন শেষে এগিয়ে পাকিস্তান।

এর আগে অবশ্য আলোচনায় ছিলেন ওই মিসবাহ। দ্বিতীয় বলেই মঈন আলীকে উড়িয়ে মারতে গিয়ে আউট হলেন। লর্ডস অভিষেকে সেঞ্চুরি ও শূন্যের অদ্ভুত এক যুগল উপহার দিলেন পাকিস্তান অধিনায়ক।

মিসবাহ সেঞ্চুরি পেলে পাকিস্তান কোনো টেস্টে হারে না। আবার মিসবাহ শূন্য রানে ফিরেছেন, কিন্তু পাকিস্তান জিতেছে, তা-ও কখনো হয়নি। লর্ডস টেস্টের কপালে তবে ড্র-ই লেখা হবে, ‘মিসবাহ-সূত্র’ অনুযায়ী এটাই তো একমাত্র গ্রহণযোগ্য ফল!

তবে প্রকৃতি বাধা হয়ে না দাঁড়ালে এ রকম হওয়ার সুযোগ খুবই কম। এখনো দুদিন বাকি টেস্টের। তবে ম্যাচের যা গতি-প্রকৃতি, আজই জানা যেতে পারে সিরিজের প্রথম ম্যাচটি জিতছে কারা। ২৮১ রানের লিড নিয়ে দৌড়ে এগিয়ে আছে সফরকারীরা।

৩ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। বেন স্টোকসের বদলে দলে আসা ক্রিস ওকস ব্যাটিংয়েও চেষ্টা করেছেন। কিন্তু ইয়াসির শাহর ঘূর্ণি আর ওয়াহাব রিয়াজের ইয়র্কারে হার মানার আগে দ্বিতীয় দিনের স্কোরের সঙ্গে মাত্র ১৯ রান যোগ করতে পারল স্বাগতিক দল। ৬৭ রানের লিড পেল পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ধাক্কা। মোহাম্মদ হাফিজকে শূন্য হাতে ফেরালেন স্টুয়ার্ট ব্রড। বাকি গল্পটা ওকসের। অন্য পেসাররা যেখানে হা-পিত্যেশ করে মরছেন, সেখানে ঠিকই সমীহ আদায় করে নিয়েছেন ওকস। তবে সাফল্য পেলেন নিজের চতুর্থ ওভারে। ফিরলেন শান মাসুদ। পরের উইকেটটাও ওকসের, এবার শিকার আজহার আলী। দুই ওভার পরই আউট মিসবাহও। ৬০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান সংকট কাটাল ইউনিস খান ও আসাদ শফিকের ৬৯ রানের জুটিতে। এরপর মঈনের বলে ফিরলেন ইউনিস। তারপরও ছোট ছোট ইনিংসে পাকিস্তানকে এগিয়ে নিয়েছেন সরফরাজ, ইয়াসির। শেষ বেলায় ওকসের ৩ উইকেট রাশ টেনে ধরল পাকিস্তানের ইনিংসে। তবে হয়তো একটু দেরি হয়ে গেছে ততক্ষণে। সূত্র: স্টার স্পোর্টস।