তৃতীয় দিনে সমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিন ছিল ব্যাটসম্যানদের, দ্বিতীয় দিন বোলারদের। তৃতীয় দিনে বোলার-ব্যাটসম্যানদের মধ্যে সমতা!
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে আগের দিনের সঙ্গে ১৮১ রান যোগ করে প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়েছে দক্ষিণাঞ্চল। সর্বোচ্চ ৬১ করেছেন ফরহাদ রেজা, ৫৮ করেছেন তাইবুর রহমান। মোহাম্মদ শরীফ নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে দিন শেষে মধ্যাঞ্চলের রান ২ উইকেটে ১১২। ৮ উইকেট হাতে রেখে তারা এগিয়ে ২২৫ রানে। বড় নাটক না হলে ড্রয়ের পথেই এগোচ্ছে ম্যাচটি।
পাশের একাডেমি মাঠে বিসিবি উত্তরাঞ্চলের সামনে চোখ রাঙাচ্ছে পরাজয়। দ্বিতীয় দিন শেষে ফলোঅন এড়াতে উত্তরাঞ্চলের দরকার ছিল ৯৪ রান। কাল হাতে থাকা ৩ উইকেটে ২৫ রান যোগ করে ১৭৩ রানে অলআউট উত্তরাঞ্চল। দারুণ বোলিং করেছেন গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি মোহাম্মদ সাইফউদ্দিন, নিয়েছেন ৫ উইকেট। আরেক পেসার কামরুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে দিন শেষে উত্তরাঞ্চলের রান ৪ উইকেটে ২০৮। মাইশুকুর রহমান অপরাজিত ৮৭, ফরহাদ হোসেন আউট হয়েছেন ৭৫ রানে। অলক কাপালি নিয়েছেন ২ উইকেট।