তৃতীয় বলেই মোস্তাফিজের উইকেট
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পরই ভারতে উড়াল দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু বাধ্যতামূলক তিন দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে অনুশীলন করলেও মাঠে নামার সুযোগ আসছিল না তাঁর সামনে। আজই প্রথম ম্যাচের স্কোয়াডে তাঁকে রাখার সুযোগ ছিল দিল্লি ক্যাপিটালসের। সে সুযোগ কাজে লাগিয়েছে দলটি। গুজরাট লায়নসের বিপক্ষে আজ দিল্লি একাদশে আছেন মোস্তাফিজ।
ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে বাংলাদেশি পেসারকে কিনেছে দিল্লি। তাঁকে জায়গা করে দিতে আজ ভারতীয় ডানহাতি পেসার কমলেশ নাগরকোটিকে বসিয়ে রেখেছে দিল্লি।
প্রথম ওভারেই বল দেওয়া হয়েছে তাঁকে। নিজের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডকে আউট করেছেন মোস্তাফিজ।
ঋষভ পন্তের অধিনায়কত্বে নিজের চতুর্থ ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে নামছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের দলে পেস বোলার হিসেবে আরও আছেন খলিল আহমেদ ও শার্দুল ঠাকুর। অথচ মোস্তাফিজের মতোই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে যাওয়া লুঙ্গি এনগিডি দলে আছেন। কোয়ারেন্টিন পর্ব পেরিয়ে আজ তাঁকেও নামানোর সুযোগ ছিল দিল্লির। একাদশে মাত্র তিনজন বিদেশি নিয়ে নেমেছে দিল্লি।