তৃপ্ত ম্যাককালাম, হতাশ ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকল্যান্ডের ইডেন পার্কে কাল অস্ট্রেলিয়াকে হারিয়ে শুধু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাই নয়, চ্যাপেল-হ্যাডলি ট্রফিটাও জিতল নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের হাতে সেই ট্রফি তুলে দিলেন রিচার্ড হ্যাডলি স্বয়ং l এএফপি
অকল্যান্ডের ইডেন পার্কে কাল অস্ট্রেলিয়াকে হারিয়ে শুধু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করাই নয়, চ্যাপেল-হ্যাডলি ট্রফিটাও জিতল নিউজিল্যান্ড। ব্রেন্ডন ম্যাককালামের হাতে সেই ট্রফি তুলে দিলেন রিচার্ড হ্যাডলি স্বয়ং l এএফপি

অকল্যান্ডের ইডেন পার্কের গ্যালারিতে জ্বলজ্বল করছিল একটা ব্যানার, ‘দেজাভু, ১৯৯২’। ১৯৯২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটা হয়েছিল এই ইডেন পার্কেই। সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নিউজিল্যান্ড। কে জানে, কাল ইডেন পার্কের ওই কিউই সমর্থক হয়তো ২৩ বছর আগের সেই দিনেও ছিলেন!
তবে আরেকটু হলে কিন্তু চিত্রনাট্যটা ভন্ডুল হয়ে যাচ্ছিল। মিচেল স্টার্কের হ্যাটট্রিক বলটা যদি ট্রেন্ট বোল্ট ঠেকাতে না পারতেন? তাহলে তো ওই ইতিহাসটা আর ফিরে আসে না। রুদ্ধশ্বাস ম্যাচটার গল্পও লিখতে হয় অন্যভাবে, প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালও কালই নিশ্চিত হয় না নিউজিল্যান্ডের। ম্যাচ শেষে বোল্ট স্বীকারই করে নিয়েছেন, ‘শেষ দুই ডেলিভারির (স্টার্কের) সামনে কিন্তু ভয়ই পেয়েছিলাম।’ পুরো ম্যাচের উত্তুঙ্গ রোমাঞ্চটা ছুঁয়ে গেল কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে, ‘এটা ছিল অবিশ্বাস্য এক ম্যাচ। দুই দলই দেখিয়েছে তাদের বোলারদের মান কতটা উঁচু। পরিবেশটা ছিল অসাধারণ, এই ম্যাচের অংশ হতে পারাটাও দুর্দান্ত।’
ম্যাচ শুরুর আগে তুমুল আলোচনা, ইডেন পার্কের ছোট্ট সীমানার ওপারে ছক্কা-বৃষ্টি হবে, বন্যা বয়ে যাবে রানের। ছক্কা হয়েছে, তবে বেশি ঝরেছে উইকেট। নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট যেমন একাই মুড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার, পরে স্টার্কও ম্যাচটা একাই প্রায় জিতিয়ে দিচ্ছিলেন অস্ট্রেলিয়াকে। কম রানের ম্যাচকেও এমন স্নায়ুক্ষয়ী করে তোলার জন্য ম্যাককালাম কৃতিত্ব দিলেন এই দুজনকেই, ‘আমি নিশ্চিত, সবাই খুশি হয়েই বাড়ি ফিরবে। দুই দল ৩০০ রান করলে সেটা তো অবশ্যই ভালো। কিন্তু ১৫০ রান করেও রোমাঞ্চ ছড়াতে পারে। আমাদের ট্রেন্ট বোল্ট ছিল অসাধারণ, ওদের যেমন মিচেল স্টার্ক। ব্যাটিংটা অবশ্য আরও ভালো হতে পারত, কিন্তু এ রকম দুর্দান্ত সিম বোলিংয়ের সামনে সেটা ভেঙে পড়তেই পারে।’
জয়ের তৃপ্তিতেই ম্যাককালাম না হয় ব্যাটিং-ব্যর্থতা বড় করে দেখছেন না। কিন্তু মাইকেল ক্লার্কের তো সেই সুযোগ নেই। অস্ট্রেলিয়া অধিনায়কের অকপট স্বীকারোক্তি, ‘আমরা খুবই বাজে খেলেছি। এ নিয়ে সন্দেহ নেই। কৃতিত্বটা নিউজিল্যান্ডের বোলারদেরই দিতে হবে, ওরা দুর্দান্ত খেলেছে।’ তবে আলাদা করে বলেছেন স্টার্কের কথা, ‘ও যা করেছে, তার চেয়ে ভালো বোলিং খুব বেশি দেখা যাবে বলে মনে হয় না।’
কাল জিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফিটা আবার নিজেদের অধিকারে নিল নিউজিল্যান্ড। কে জানে, এই বিশ্বকাপেই হয়তো সেটি ক্লার্ক আবার ফিরিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন! আইসিসি, এএফপি।

পয়েন্ট তালিকা
গ্রুপ ‘এ’
ম্যাচ জয় হার টা/প. পয়েন্ট নে.রা.রে.
নিউজিল্যান্ড ৪ ৪ ০ - ৮ +৩.৫৮৯
শ্রীলঙ্কা ৩ ২ ১ - ৪ +০.০৪৭
বাংলাদেশ ৩ ১ ১ ০/১ ৩ +০.১৩০
অস্ট্রেলিয়া ৩ ১ ১ ০/১ ৩ -০.৩০৫
আফগানিস্তান ৩ ১ ২ - ২ -০.৭৬০
ইংল্যান্ড ৩ ১ ২ - ২ -১.৪১৫
স্কটল্যান্ড ৩ ০ ৩ - ০ -১.৭৩৫
গ্রুপ ‘বি’
ম্যাচ জয় হার টা/প. পয়েন্ট নে.রা.রে.
ভারত ৩ ৩ ০ - ৬ +২.৬৩০
দ. আফ্রিকা ৩ ২ ১ - ৪ +১.২৬০
আয়ারল্যান্ড ২ ২ ০ - ৪ +০.৩৩৮
ও. ইন্ডিজ ৪ ২ ২ - ৪ -০.৩১৩
জিম্বাবুয়ে ৩ ১ ২ - ২ -০.৮২৭
আমিরাত ৩ ০ ৩ - ০ -১.৩২৬
পাকিস্তান ২ ০ ২ - ০ -২.২৬০