তৃপ্তি-অতৃপ্তি মিলিয়ে দিল তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজটা এক দিক দিয়ে সোনালি ফ্রেমে বাঁধাই করে রাখার মতোই। টেস্টের প্রতাপশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্রয়ের কথা এত দিন শুধু কল্পনাতেই এসেছে। এবার ধরা দিল বাস্তবে। প্রথম টেস্টে স্টিভ স্মিথের দলকে সাড়ে তিন দিনে হারিয়ে দিয়ে তো সিরিজ জয়ের স্বপ্নও দেখেছিল মুশফিকুর রহিমের দল।

সেই স্বপ্ন যে বাস্তবও হতে পারত, তা কাল সিরিজ শেষের সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের কথাতেই পরিষ্কার, ‘২-০-তে সিরিজ জিতলে আমাদের জন্য ভালো হতো। তবে এখান থেকে ১-১-এ ড্র করে যেতে পারাটাও খারাপ নয়। প্রথম টেস্টে জিততে না পারাটা হতাশার ছিল। তবে বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হয়। তারা ভালো ক্রিকেট খেলেছে।’

স্মিথের মুখেই যখন ড্র করে তৃপ্তি, তখন বাংলাদেশ অধিনায়ক কী বলবেন? মুশফিকুর রহিম ড্র সিরিজ থেকেও খুঁজে পাচ্ছেন প্রাপ্তি। তবে একটা আফসোসও আছে তাঁর, ‘অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্ট জিতেছি, এটা অনেক বড় প্রাপ্তি। দ্বিতীয় ম্যাচে আরও ভালো করার সুযোগ আমরা হারিয়েছি দ্বিতীয় ইনিংসের কারণে। তবে সব মিলিয়ে ভালো একটা সিরিজ গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করা অনেক বড় অর্জন। একটু আক্ষেপ আছে। এই ম্যাচটা আরেকটু ভালো খেললে ফল হয়তো অন্য রকম হতে পারত।’ মুশফিকের বিশ্বাস, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করে বিশ্ব ক্রিকেটকেই দেওয়া গেছে বড় এক বার্তা। ওয়ানডে, টি-টোয়েন্টির পর বাংলাদেশ এখন টেস্টেও বড় শক্তি হতে যাচ্ছে।

এই বার্তা আরও জোরালো হতো বাংলাদেশ সিরিজ জিতলে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস পর্যন্ত সে সম্ভাবনা ছিলও। অস্ট্রেলিয়ার ৭২ রানের লিড এমন বড় কিছু তো ছিল না। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সামনে দিতে পারল মাত্র ৮৬ রানের লক্ষ্য। মুশফিকের বিশ্লেষণে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল প্রথম ইনিংসেই, ‘আমার মনে হয় এই টেস্ট হারায় দ্বিতীয় ইনিংসের চেয়ে প্রথম ইনিংসের ব্যর্থতাই বেশি দায়ী। সেখানে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। প্রথম দিনে উইকেটটা এমন স্পিনসহায়ক ছিল না যে খেলা যাবে না।’

এদিক দিয়ে উল্টো অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন তিনি, ‘টেস্টের প্রথম দিনে উইকেট ভালো থাকবে, দ্বিতীয় দিন থেকে আস্তে আস্তে খারাপ হতে থাকবে, এটা আমাদের জানা ছিল। আমার মনে হয়, উইকেটের সুবিধা আমাদের চেয়ে তারাই বেশি কাজে লাগাতে পেরেছে।’ প্রথম ইনিংসে যদি দেড় দিন ব্যাটিং করা যেত, চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে যদি ১৫০ রানের লক্ষ্য দেওয়া যেত তাহলেও ফলাফল অন্য রকম হতে পারত বলে তাঁর বিশ্বাস। আর ক্যাচ পড়া নিয়ে তো হতাশা আছেই। টেস্টে বরাবরের মতো এবারও বিশেষজ্ঞ ফিল্ডারের অভাব বোধ করেছেন অধিনায়ক। একই সঙ্গে ভালো কিছু ক্যাচের প্রশংসাও করেছেন।

ছবি দেখে মনে হতে পারে তামিম ইকবাল ক্রিজে ফিরেছেন। আসলে ফিরতে পারেননি, হয়েছেন স্টাম্পড। স্মিথদের উল্লাস অবশ্য শুরু হয়ে গেছে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেওয়ার আগেই। তামিম আউট হতেই পতনের শুরু। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ ১৫৭ রানে l শামসুল হক
ছবি দেখে মনে হতে পারে তামিম ইকবাল ক্রিজে ফিরেছেন। আসলে ফিরতে পারেননি, হয়েছেন স্টাম্পড। স্মিথদের উল্লাস অবশ্য শুরু হয়ে গেছে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেওয়ার আগেই। তামিম আউট হতেই পতনের শুরু। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ ১৫৭ রানে l শামসুল হক

বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান আর মেহেদী হাসান মিরাজ তবু কিছুটা আলো ফেলতে পেরেছেন স্কোরকার্ডে। তুলনায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা বেশ অন্ধকারাচ্ছন্ন। মুশফিককে আলাদা করে কারও নাম বলতে হয়নি। তবে অস্ট্রেলিয়ান অধিনায়ক এই নাথান লায়নের কথা বলেন তো একটু পরই প্রশংসা শুরু করেন টানা দুই টেস্টে সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নারের। কখনো বা চলে আসে প্যাট কামিন্সের নাম। সব মিলিয়ে দ্বিতীয় টেস্টটা এক দিন আগেই শেষ করে স্মিথ হয়ে উঠলেন সত্যিকারের অস্ট্রেলিয়ান অধিনায়ক। আজ কয়েকভাগে ভাগ হয়ে ঢাকা ফিরে কাল অস্ট্রেলিয়ানরা ওয়ানডে সিরিজ খেলতে যাবেন ভারতে। স্মিথের চোখ এখন সেদিকেই।

বাংলাদেশ দলের বেশির ভাগ খেলোয়াড় ঢাকা ফিরে গেছেন কাল রাতেই। বাকিরা যাবেন আজ সকালে। কয়েক দিনের বিশ্রামের পর শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র আত্মবিশ্বাস জোগাবে মুশফিক-সাকিবদের।