তৃপ্তি নিয়েই যাচ্ছেন ম্যাককালাম

ডিসেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পর থেকেই নার্ভাস নাইনটি নাইনে আটকে ছিলেন। লেখাটা যখন পড়ছেন, ব্রেন্ডন ম্যাককালাম সেঞ্চুরিটা পেয়ে গেছেন। টেস্ট খেলার সেঞ্চুরি। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটা থেকে শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। যেটি বিশেষ মর্যাদা পাচ্ছে শুধুই ম্যাককালামের কারণে।
বলতে পারেন, এ আর এমন কী? টেস্ট খেলার সেঞ্চুরি তো কতজনই করেছে! তা ঠিক। ১৯৬৮ সালে কলিন কাউড্রে প্রথম, এরপর আরও ৬২ জন ক্রিকেটার ছুঁয়েছেন শততম টেস্টের মাইলফলক। ম্যাককালাম ৬৪তম। কিন্তু নিউজিল্যান্ড অধিনায়কের মতো করে মাইলফলকটা রাঙাতে পেরেছেন কজন? ২০০৪ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা টেস্টে অভিষেক, এরপর থেকে যেন বিরতিহীন গাড়ির মতো ছুটছেন কিউই ওপেনার। এক থেকে এক শ—বিরতিহীন! চোট ভুগিয়েছে, পারফরম্যান্সও ওঠানামা করেছে। তবু তাঁর ক্যারিয়ারের ব্যাপ্তিতে নিউজিল্যান্ড যতগুলো টেস্ট খেলেছে, সবগুলোতেই একটা নাম ছিল ধ্রুবক—ব্রেন্ডন ম্যাককালাম।
এই ক্রিকেটারকে বিদায় জানানোর সময় এসে গেছে। আজ ওয়েলিংটন টেস্ট দিয়ে শুরু এই অস্ট্রেলিয়া সিরিজই তাঁর শেষ, ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন ম্যাককালাম। তাঁকে ঘিরে তাই পুরো সিরিজের আবহেই বাজছে বিদায়ের রাগিণী।
বাজারই কথা। রেকর্ডের বিচারে সেরাদের তালিকায় তাঁর ঠাঁই হবে না। ৯৯ টেস্টে ১১ সেঞ্চুরি, ৩৮.৪৮ গড়ে ৬২৭৩ রান—এমন কিছু নয়। ম্যাককালাম নিজেও সেই দাবি করছেন না। মাইলফলক টেস্টের আগে সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি গ্রেটদের মধ্যে অবশ্যই পড়ি না।’ ম্যাককালামের মাহাত্ম্য অন্যখানে। ব্যাট হতে যে নিরন্তর বিনোদন জুগিয়ে গেছেন দর্শকদের।
যেটি আসলে তাঁর ক্রিকেট-দর্শনেরই প্রতিফলন। প্রতিদ্বন্দ্বিতা আছে, জয়-পরাজয়ের হিসাব আছে, তবু দিন শেষে ক্রিকেট একটা খেলাই—এটিই ছিল ম্যাককালামের মন্ত্র। অধিনায়ক হয়ে যে মন্ত্র তিনি ছড়িয়ে দিয়েছেন পুরো নিউজিল্যান্ড দলে। একসময় বিরক্তিকর ক্রিকেট খেলার জন্যই পরিচিত নিউজিল্যান্ড গত বছর দুয়েক রোমাঞ্চকর ক্রিকেটের প্রতিশব্দ।
ম্যাককালামের কণ্ঠেও এই গর্ব নিয়ে বিদায় নিতে পারার তৃপ্তি, ‘শেষ ১৫-২০ টেস্ট ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। দলে অনেক পরিবর্তন হয়েছে, আবহটাও বদলে গেছে, পারফরম্যান্সও ভালো হচ্ছে। এ দলটাকে নিয়ে এত কিছু অর্জন করেছি, হয়তো গর্ব নিয়েই সেদিকে ফিরে তাকাতে পারব।’
ক্রিকেটেই কাটানো জীবনটা যে ফিরে ফিরে ডাকবে, সেটিও পরিষ্কার বোঝা যাচ্ছে ম্যাককালামের কথায়, ‘খেলাটার আসল ব্যাপারই হচ্ছে খেলার পরে ড্রেসিংরুমে যা হয়। বিরুদ্ধ পরিস্থিতিতে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট জেতার পর যখন ড্রেসিংরুমে যাবেন, দেখবেন পুরো দলের মুখে পাঁচ দিনের লড়াইয়ের পর অর্জনের হাসি। সবার সাদা ব্ল্যাক ক্যাপ জার্সিটা ময়লা, ঘামে ভেজা। একটা বিয়ার হাতে নিয়ে ওদের সঙ্গে গানের তালে নাচতে নাচতে উদ্যাপন...এটার জন্যই খেলাটায় এসেছি আমি।’