তৃপ্তির জয়ে কাঁটা চোটাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটা দুর্দান্ত শট, আরও একটা ঝলমলে ইনিংস সাব্বির রহমানের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩০ বলে ৪৩ রানের পর বল হাতে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা হতে আর কী চাই! কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক
আরও একটা দুর্দান্ত শট, আরও একটা ঝলমলে ইনিংস সাব্বির রহমানের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩০ বলে ৪৩ রানের পর বল হাতে ১১ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা হতে আর কী চাই! কাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে l শামসুল হক

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি কর্মকর্তাদের ‘গ্রুপ সেলফি’র মধ্যমণি হয়ে গেলেন মাশরাফি বিন মুর্তজা। মাঠের কৃত্রিম আলোয় সবার চেহারায় ভেসে ওঠা আনন্দের রেখাগুলো পরিষ্কার ধরা পড়ল। যেন এইমাত্র বিশাল একটা সিরিজ জিতে গেল বাংলাদেশ দল!
বাস্তবে সিরিজের এখনো দুই ম্যাচ বাকি। চার ম্যাচের সিরিজটি নিজেদের করে নিতে হলে এর একটা অন্তত জিততেই হবে। তার মানে সিরিজ জয়ের কাজ এখনো অসম্পূর্ণ। তাহলে জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টি হারিয়েই শেখ আবু নাসের স্টেডিয়ামে অমন উৎসবের আবহ সৃষ্টির কারণ? কারণ, নতুন বছরের শুরুতেই সিরিজ হারের অঘটনের শিকার তো হতে হচ্ছে না বাংলাদেশকে!
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারার শঙ্কা এমনিতেও তেমন ছিল না। তবু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ারও তো একটা ব্যাপার আছে! ৪২ রানের সহজ জয়ে কাল সেই নিশ্চয়তাই পাওয়া গেল। জয়ের অনুষঙ্গগুলোয় উৎসাহব্যঞ্জক কিছু লক্ষণ থাকায় ফিরে এসেছে স্বস্তিটাও।
তিন নম্বরে নেমে ব্যাট হাতে কালও দুর্দান্ত ছিলেন সাব্বির রহমান। ৩০ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস অলংকৃত এক বাউন্ডারি আর তিনটি দৃষ্টিনন্দন ছক্কায়। বাড়তি পাওয়া তাঁর লেগ স্পিনে আসা ৩ উইকেট। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য সাব্বিরের হাতেই তুলে দিয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। সাকিব আল হাসানের পর এই প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের কোনো খেলোয়াড় ম্যাচে ৪০-এর ওপর রান ও ৩ উইকেট পেলেন। ওপেনার সৌম্য সরকারের ৪৩ রানের ইনিংসটিও টি-টোয়েন্টির সমুদ্রে নামার আগে আশাবাদী হতে বলছে। বিপিএলে রানখরায় ভুগেছেন। ব্যর্থ হয়েছেন জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেও। কালকের ৩৩ বলে ৪৩ রানের ইনিংসটি কিছুটা হলেও ফেরাবে তাঁর হারানো আত্মবিশ্বাস।
রানের অঙ্কেই শুধু নয়, ব্যাটিংয়ের ধরনেও কাল দেখা গেছে আসল সৌম্যকে। মুজারাবানিকে স্লগ সুইপে মিড উইকেট দিয়ে বা ক্রেমারকে পুল করে স্কয়ার লেগের ওপর দিয়ে মারা ছক্কাগুলো দেখে মনে হয়নি এই ব্যাটসম্যানই গত কিছুদিন ভুগেছেন রানখরায়। দারুণ ফুটওয়ার্কে পরে আরও একটা ছক্কা মেরেছেন ওয়াইড লং অনের ওপর দিয়ে।
ব্যাটিং নিয়ে অধিনায়ক মাশরাফির অবশ্য তারপরও কিছু আফসোস আছে। তামিম ইকবালের ২৩, এমনকি সৌম্যর ৪৩ রানের ইনিংসও তো বড় হতে পারত আরও! তবে আফসোসটা বেশি বোধ হয় মুশফিকুর রহিমের জন্যই। ২৪ রান করার পর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় ইনিংস অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। খেলতে পারবেন না সিরিজের বাকি দুই ম্যাচেও। অবশ্য চোটের আসল চিত্রটা বোঝা যাবে আজ ঢাকায় ফিরে স্ক্যান করানোর পর। তবু এ ধরনের চোট কাটিয়ে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যায় বলে শেষ দুই ম্যাচে তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে।
মুশফিকের দুঃসংবাদটাকে এক পাশে সরিয়ে রাখলে টি-টোয়েন্টিতে ৩ উইকেটে ১৬৩ রান খুশি হওয়ার মতোই স্কোর। জিম্বাবুয়ের ওপর শাসনটা পরে বোলাররাও ধরে রেখেছেন। ভুসিমুজি সিবান্দা আর হ্যামিল্টন মাসাকাদজার ৫০ রানের ওপেনিং জুটি ভাঙার পর থেকেই ম্যাচ পুরোপুরি হেলে পড়তে থাকে বাংলাদেশের দিকে। মাঝে ম্যালকম ওয়ালারের ২৯ ছাড়া আর কোনো দুই অঙ্ক নেই জিম্বাবুয়ের স্কোরকার্ডে। সাব্বির-মুস্তাফিজ-মাশরাফিদের বোলিং-দ্যুতিই বরং নজরে পড়েছে বেশি। মাশরাফির দুর্ভাগ্য, তাঁর ১ ওভারেই দুবার পড়েছে মাসাকাদজার ক্যাচ। শর্ট মিড উইকেটে শুভাগত হোমেরটা অবশ্য একটু কঠিনই ছিল ধরা। কিন্তু এর আগে ইমরুল কায়েস কাভারে আসা সহজ ক্যাচটা নিয়ে নিতে পারলে পরেরটা তো আর উঠতই না!
ম্যাচ শেষে ওই যে মাশরাফিকে ঘিরে ‘গ্রুপ সেলফি’, সেটার উপলক্ষ তৈরি হওয়ার শেষ আনুষ্ঠানিকতা ছিল মুস্তাফিজের করা শেষ ওভারের শেষ বলটা। কিন্তু কাঁধে ব্যথা অনুভব করায় ওই বল মুস্তাফিজ আর করতেই পারলেন না। পঞ্চম বল করেই থেমে গেলেন। কাঁধটা একটু ঝাঁকিয়ে বোধ হয় চেষ্টা করছিলেন শেষ বলের প্রস্তুতি নিতে। কিন্তু ততক্ষণে ফিজিও মাঠে। শেষ বলটা সাব্বিরের হাতে ছেড়ে দিয়ে তাঁর সঙ্গেই মাঠ ছাড়লেন মুস্তাফিজ। পরীক্ষা-নিরীক্ষার সিরিজে গবেষণা অনেকই হবে। তাই বলে মুস্তাফিজের মতো একজনকে হারানোর ঝুঁকি তো আর নেওয়া যায় না!

বাংলাদেশ: ২০ ওভারে ১৬৭/৩; জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৫/৮; ফল: বাংলাদেশ ৪২ রানে জয়ী