তেতে ওঠা মুশফিকের উদ্ধত ব্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের আজকের ব্যাটিং বোঝাচ্ছে ছবিটা। ছবি: শামসুল হক
মুশফিকের আজকের ব্যাটিং বোঝাচ্ছে ছবিটা। ছবি: শামসুল হক

মুশফিকুর রহিমকে রাগিয়ে দেওয়ার মতো কিছু একটা বলেছিলেন কেসরিক উইলিয়ামস। রাজশাহী কিংসের পেসার পরে হয়তো বুঝতে পারলেন বরিশাল অধিনায়ককে তাতিয়ে দিয়ে ভুলই করেছেন। মুশফিক জবাব দিলেন আগুনে ব্যাটিংয়ে। প্রায় ৯০ ডিগ্রি ঘুরে শর্ট ফাইন লেগ দিয়ে প্রথমে বাউন্ডারি এরপর প্রিয় স্লগ সুইপে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে মেরে উইলিয়ামসকে আঙুল দিয়ে কিছু একটা বললেন বরিশাল অধিনায়ক। যার অর্থ হতে পারে, ‘বল কোথায় উড়ে গেল সেটা দেখ’!
রাজশাহীর বিপক্ষে আজ মুশফিক এমনই দুর্বিনীত, এমনই আগ্রাসী। তাঁর পুল, কাট, স্লগ সুইপের পরতে পরতে থাকল উপভোগ্য আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী। ৫২ বলে ৮১ রান করে অপরাজিত থেকেছেন। ইনিংস সাজিয়েছেন চার ছক্কা আর পাঁচ চারে। অবশ্য এবার বিপিএলে শুরু থেকেই আলো ছড়াচ্ছেন মুশফিক। প্রথম ম্যাচে অপরাজিত ৫০, পরের ম্যাচে ৩৩। এখনো পর্যন্ত তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে ১৬৪ রান করে আছেন সবার ওপরে। গত বিপিএলে ১০ ম্যাচে করেছিলেন ১৫৭ রান।
মুশফিকের আরও একটি স্বস্তি, বছরের শুরুতে টি-টোয়েন্টিতে ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে এসেছেন। আত্মবিশ্বাস যে তুঙ্গে, তা তাঁর ব্যাটিংয়েই বোঝা যাচ্ছে। তিন ম্যাচের দুটিতেই তাঁর উইকেটটি নিতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
কদিন ধরেই লো-স্কোরিং ম্যাচ নিয়ে হচ্ছে নানা আলোচনা। তবে আজ বরিশালের ব্যাটিংয়ে দর্শকের মন ভরেছে। ৪ উইকেটে তাদের রান ১৯২, এখনো পর্যন্ত যেটি দলীয় সর্বোচ্চ স্কোর। বরিশালের এই রানের পাহাড়ে সবচেয়ে বড় অবদান অবশ্যই মুশফিকের আর তাঁর পার্শ্বনায়ক শাহরিয়ার নাফীস। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ৭১ বলে ১১২ রান। ব্যাটিংয়ে শাহরিয়ারও যেন ফিরেয়ে আনছেন তাঁর সোনালি সময়ের ছবি। নিজেদের প্রথম ম্যাচে ফিফটির পর আজ বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান করেছেন ৪৪ বলে ৬৩ রান। চার-ছক্কা সমান সমান—চারটি। অবশ্য বরিশালের স্কোরটা ২০০ ছুঁই-ছুঁই হওয়ার পেছনে মুশফিক-থিসারা পেরেরার অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৯ রানও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বরিশালের রান উত্সবের মাঝে রাজশাহীর বোলারদের মধ্যে যা একটু সফল ফরহাদ রেজা, নিয়েছেন ২২ রানে ২ উইকেট।