তোরের টানা চার

আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা একরকম নিজেরই করে নিয়েছেন ইয়াইয়া তোরে। আইভরিকোস্টের এই মিডফিল্ডার আগের তিন বছর এই পুরস্কার জিতেছিলেন, পরশু প্রথম খেলোয়াড় হিসেবে জিতলেন টানা চারবার। এর আগে স্যামুয়েল ইতোই শুধু চারবার পুরস্কারটা পেয়েছিলেন, তবে তোরের মতো টানা জিততে পারেননি।
ম্যানচেস্টার সিটির হয়ে গত বছরটা দুর্দান্তই গেছে ৩১ বছর বয়সী তোরের। দলকে প্রিমিয়ার লিগ জেতানোর পথে করেছেন ২০ গোল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ছাড়া কোনো মিডফিল্ডার এক মৌসুমে এত গোল করতে পারেননি। জাতীয় দল আইভরিকোস্টের অধ্যায়টা সেই তুলনায় বিবর্ণই গেছে, গ্রিসের সঙ্গে অন্তিম মুহূর্তে গোল খেয়ে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গিয়েছিল এলিফ্যান্টরা। তবে তাতে তোরের জয় আটকায়নি।
তোরের পর পরই ছিলেন ডর্টমুন্ডের গ্যাবানিজ স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াং ও লিলের নাইজেরিয়ান গোলরক্ষক ভিনসেন্ট এনিয়ামা। বর্ষসেরা কোচ আফ্রিকান চ্যাম্পিয়নস লিগজয়ী আলজেরিয়ান ক্লাব ইএস সেটিফের কোচ খাইরেদ্দিন মাদুইয়ি। বর্ষসেরা দল আলজেরিয়া, বর্ষসেরা প্রতিশ্রুতিশীল খেলোয়াড় আলজেরিয়ারই ইয়াসিন ব্রাহিমি। এএফপি।