তৈরি হয়েই যাচ্ছেন মোস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পচোখে একবার দেখুন, গলের এক প্রান্ত থেকে বাঁ হাতে লাল বল আর সাদা পোশাকে ছুটে আসছেন মোস্তাফিজুর রহমান। স্লোয়ার, ইয়র্কার কিংবা কাটারে বিভ্রান্ত করছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। কত দিন পর এ দৃশ্য দেখার সম্ভাবনা জেগেছে বলতে পারেন? জুলাই ২০১৫ থেকে ফেব্রুয়ারি ২০১৭—প্রায় দুই বছর।

মাঝের সময়ের বেশিটাই মোস্তাফিজের কেটেছে চোটের সঙ্গে লড়াই করে। চোট থেকে ফিরে যাও কয়েকটি ম্যাচ খেলেছেন সবই ওয়ানডে আর টি-টোয়েন্টি। ক্রিকেটের তিন সংস্করণের আন্তর্জাতিক অভিষেকে বিস্ময় উপহার দেওয়া মোস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন ১১ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি। টেস্ট সেখানে মাত্র ২টি। বৃষ্টিবাধায় বোলিং করতে পেরেছেন মাত্র এক ম্যাচে। সীমিত ওভারে ‘সীমিত’ হয়ে পড়া মোস্তাফিজ অবশেষে ফিরছেন ক্রিকেটের সবচেয়ে কঠিন ও অভিজাত সংস্করণে।

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিংয়ের পুরস্কারটা কাল হাতে পেলেন মোস্তাফিজুর রহমান
ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিংয়ের পুরস্কারটা কাল হাতে পেলেন মোস্তাফিজুর রহমান

নিউজিল্যান্ডে টেস্ট খেলার সুযোগ থাকলেও মোস্তাফিজ নিজেই নিজেকে টেস্ট খেলার মতো ফিট মনে করেননি। একই কারণে থাকতে পারেননি ভারত সফরেও। নিজের শারীরিক অবস্থা বুঝতে খেলেছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দুটি ম্যাচ। মোস্তাফিজের এখনকার উপলব্ধি, ‘অনেক দিন দলের বাইরে ছিলাম। চোট থেকে সেরে ওঠার পর নিউজিল্যান্ড সফরে গেলাম। টেস্ট দলের সঙ্গেও ছিলাম, তবে খেলতে পারিনি। চোট কাটিয়ে ফেরার পর টেস্ট খেলার মতো অবস্থা ছিল না। ভারতেও যেতে পারিনি। তবে দুটি বিসিএলের ম্যাচ খেলেছি। এই দুটি ম্যাচ খেলাটা আমার জন্য ভালো হয়েছে।’

চোট কাটিয়ে প্রায় ছয় মাস পর নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও সেখানে মনে রাখার মতো কিছু করতে পারেননি মোস্তাফিজ। শতভাগ ফিট না থাকায় দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন বিশ্রাম নিয়ে নিয়ে। তবে এবার ছবিটা ভিন্ন। শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ফুরফুরে, আত্মবিশ্বাস ফিরে পাওয়া মোস্তাফিজ। বিসিএলের ম্যাচ ও অনুশীলনে পূর্ণ ছন্দে বোলিং করে নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন বাঁহাতি পেসার, ‘বিসিএলে জোরে বোলিংয়ের চেষ্টা করেছি। পাশাপাশি সুইং করিয়েছি। কাটার কিংবা স্লোয়ার চার দিনের ম্যাচে খুব একটা কাজে দেয় না। তবে ধারাবাহিক ভালো জায়গায় বোলিং করে যাওয়ার চেষ্টা করেছি।’

একদম ঠিকঠাক ধরলে ১৯ মাস টেস্ট খেলতে পারেননি, এটি নিয়ে মোস্তাফিজের নিশ্চয়ই আক্ষেপ আছে। বাংলাদেশও অনুভব করেছে তাঁর মতো একজন উইকেটশিকারি বোলারের অনুপস্থিতি। প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে ‘ফিজে’র মতো বোলারের বিকল্প কোথায়! তা এবার তিনি কি পারবেন প্রত্যাশার প্রতিদান দিতে? আশায় আছেন মোস্তাফিজ, ‘আমাকে সুযোগ দিলে চেষ্টা করব সেরাটা দেওয়ার।’

মোস্তাফিজ কিনা বলছেন ‘সুযোগ’ পাওয়ার কথা! এটা নিশ্চয়ই তাঁর বিনয়। সহজাত প্রতিভা আর ক্রিকেটীয় দক্ষতায় তিনি যে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কাছে ‘অটোমেটিক চয়েস’। শুধু টেস্ট কেন, মোস্তাফিজ সব সংস্করণেই এখন বাংলাদেশ দলের জন্য অপরিহার্য। তাঁর প্রতি যে বিপুল প্রত্যাশা সেটা কতটা পূরণ করতে পারবেন তা সময় বলে দেবে। আপাতত মোস্তাফিজ বলছেন তিনি তিন সংস্করণের ক্রিকেটের জন্যই তৈরি, ‘সব সংস্করণের জন্য তৈরি। সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

মোস্তাফিজ তৈরি। আপনিও অপেক্ষায় থাকতে পারেন আবারও ফিজের বোলিং-রোমাঞ্চে বুঁদ হতে।