তোমাদেরও কি রক্ত ঝরে?

>দেশের ব্যর্থতায় হতাশ হন, কষ্ট পান খেলাপ্রেমীরা। অ্যান্টিগা টেস্টের বিপর্যয়টা তাই তাদের জন্য বড় ধাক্কা। বিশ্বকাপের সময় বলেই তুলনাটা চলে আসে। সেখানে নিজ দেশের বিদায়বেলায় খেলোয়াড়দের অঝোর কান্নার দৃশ্যটা নিয়মিত দেখেই প্রশ্নটা করা। ব্যর্থতায় আমাদের মহাতারকা ক্রিকেটাররাও কি সেভাবেই পোড়েন?
‘ডু ইউ ব্লিড?’
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বড় পরিচিত এক সংলাপ। ভিনগ্রহের মহাশক্তিশালী সুপারম্যানকে এ প্রশ্ন করেছেন দুর্বল মানুষদের প্রতিনিধি ব্যাটম্যান। প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা তো আমাদের কাছে সুপারম্যানের মতোই সুপার হিরো। একটি চার কিংবা একটি উইকেটের মাধ্যমে রক্তে নাচন তোলার এমন ক্ষমতা কয়জনের থাকে! বাংলাদেশের ক্রিকেটাররা তাই এক একজন মহাশক্তিধর সুপার হিরো।
গতকাল একই সময়ে মাঠে গড়িয়েছিল দুটি ম্যাচ। প্রায় একই সময়ে দুটি বিপরীতমুখী স্থিরচিত্র। রাশিয়ায় কেউ কাঁদছে, অ্যান্টিগায় হাসছে। সেই হাসির খাঁজে লড়াইয়ের বদলে সুপারম্যানদের একই ভুলের পুনরাবৃত্তি ঘটানোর আত্মপ্রসাদ (!)। ওঁদের স্থির চিত্রাপিত শক্ত চোয়ালকে তাই মেকি বলে মনে হয়। টিভির রিমোট টিপে রাশিয়া যেতেই যন্ত্রণার অবসান। আমরা মানে, খেলাপ্রেমীরা যা দেখতে চাই ঠিক সেটাই—ম্যাচের তখনো মিনিট সাতেক সময় বাকি। ছেলেটা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়ছে ঠিকই, কিন্তু ওঁর চোখ দুটি ম্যাচের ফল যেন আগেই দেখে ফেলেছে। তাই কাঁদছে, অঝোরে।
খেলাপ্রেমী? এই প্রেমের কী মানে, কী অনুভূতি? ফুটবল বিশ্বকাপ আর ক্রিকেটকে পাশাপাশি রেখে উদাহরণ টানা যায়। এ দেশে তো আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই বেশি। যেহেতু ক্রিকেটপাগল দেশ, তাই ধরে নিচ্ছি, এ দুই দলের সংখ্যাগরিষ্ঠ সমর্থকই ক্রিকেটপ্রেমী। ফ্রান্সের সঙ্গে হারল আর্জেন্টিনা আর কাল ব্রাজিল হারল বেলজিয়ামের কাছে। তাতে এই দুই দলের সমর্থকদের কারোরই মনে হয়নি ‘মহাভারত উল্টে গেছে’—বরং লড়ে হেরেছে, এ কথাটুকু বলার মতো জায়গা তৈরি করে দিয়েছেন মেসি-নেইমাররা। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে সেটি বলার সুযোগ দিলেন কোথায়?
সমর্থকেরা আসলে লড়াই দেখতে চান। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় দেশের জন্য সামর্থ্য আর অনুভূতি নিংড়ে দেওয়ার ছাপ থাকলেই সমর্থকেরা সন্তুষ্ট। হার-জিতের হিসাবটা আসে পরে। আর তাই কাল নোভগোরাদে হোসে হিমিনেজ হারলেও এ দেশের ফুটবলপ্রেমীদের মনে তিনি যে ছাপ ফেলে গেলেন, তাতে সাকিবদের আসল ব্যর্থতার জায়গাটা কদর্যভাবেই বেরিয়ে আসছে।

ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচের তখন ৮৭ মিনিট। ফ্রি–কিক পেয়েছিল ফ্রান্স। কাঁদতে কাঁদতে উরুগুয়ের ‘মানবদেয়াল’-এ এসে দাঁড়ালেন হিমিনেজ। অথচ যোগ করা সময় মিলিয়ে ম্যাচের তখনো মিনিট সাতেক বাকি। যেকোনো কিছুই ঘটতে পারে। কিন্তু দেশের হার নিশ্চিত বুঝেই হিমিনেজের চোখ দুটি আর বাঁধ মানেনি। জার্সি দিয়ে কয়েকবার চোখ মুছলেন। অবাধ্য চোখ দুটি তবু কাঁদল দেশের জন্য। সতীর্থেরা সান্ত্বনা দিলেন, ম্যাচ শেষে একই দায়িত্ব সারল প্রতিপক্ষ দলও। কাজ হয়নি। জাতীয় দলের জার্সিকে চুমোতে চুমোতে ভরিয়ে কান্নারত হিমিনেজ যেন বলতে চাইলেন, ‘তোমার’ এই দুঃখে দায় আছে আমারও।
হিমিনেজের কান্নার সেই দৃশ্য দেখে খেলোয়াড়টির প্রতি শ্রদ্ধা জন্মাতে উরুগুয়ের সমর্থক হতে হয় না। খেলাপ্রেমী হলেই চলে, কিংবা তা না হলেও। আর তাই বিশ্বকাপ এলেই নানা দেশের (বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনা) জন্য এই দেশের মানুষের হৃদয় পোড়ে। যদি প্রশ্ন করা হয়, দেশের ক্রিকেটারদের কতটুকু পোড়ে? দুঃখিত, বিশ্বকাপ আর ওয়েস্ট ইন্ডিজ সফর একই সময়ে চলায় প্রশ্নটা মুখ ফসকে বেরিয়েই গেল।
ক্রিকেটপাগল দেশ বলেই সাকিব-তামিমদের জন্য এই দেশের মানুষের ভালোবাসার শেষ নেই। ‘দুধের মাছি’ কিংবা মৌসুমি সমর্থকদের কথা বাদ দিয়ে বলছি, এই ভালোবাসা অকৃত্রিম আর সরল। তাই ক্ষোভটাও নির্ভেজাল। গলার কোথায় যেন কষ্ট আর হতাশা দলা পাকিয়ে ওঠে।
অ্যান্টিগায় সাকিবদের দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি। না, স্কোরবোর্ডে নয় খেলার ধাঁচে। নিঃশর্ত আত্মসমর্পণ বলতে যা বোঝায় আরকি!! ম্যাচের ফলে দুই ইনিংসের রানসংখ্যা কিন্তু দেশের নামের পাশেই লেখা হয়, সাকিবদের পাশে নয়। এই ভাবনাটুকু আর অনুভূতিটুকু থাকলে অন্তত লড়াইটা আড়াই দিনের মধ্যে ওভাবে শেষ হতো না।
সাকিবরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় যেভাবে খেললেন, সেটি খেলায় হতেই পারে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জাগছে তাঁদের আবেদন নিয়েই। প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও একই ব্যাপারের পুনরাবৃত্তি—এটা ক্রিকেটপ্রেমীরা কীভাবে মেনে নেবেন?
দ্বিতীয় ইনিংসে কি বাংলাদেশের ক্রিকেটারদের চোখে-মুখে একটুও লড়াইয়ের ছাপ দেখা গেছে? একটুও কি বোঝা গেছে যে তাঁরা ভেতরে-ভেতরে পুড়ছেন? ফ্রান্স-উরুগুয়ে ম্যাচে দেখা গেল জিমিনেজ কাঁদছেন, আর অ্যান্টিগায় ব্যাটিং ধুঁকছে দেখেও ক্রিকেটারদের একজনের চেহারাতেও দেখা গেল না দুঃখবোধের ছাপ। হয়তো বলতে পারেন, আমাদের ক্রিকেটারদের স্নায়ু অনেক বেশি শীতল! কিন্তু দেশকে এমন লজ্জায় ফেলেও তাদের চোখে-মুখে তার এতটুকু ছাপ পড়বে না! চ্যানেল পাল্টে সেই একই খেলাপ্রেমীরা যখন হিমিনেজের কান্না দেখেছেন, তখন তাঁদের কেমন লেগেছে?
পার্থক্যটাই ধরা পড়েছে। জাতীয় দলের জার্সির ওজন কার কাছে কেমন—এটা তাঁরা বুঝতে পেরেছেন। এই অসহ্য বোধটুকু প্রায়ই হজম করতে হয় দেশের খেলাপ্রেমীদের। ক্ষোভে আর অভিমানে তাঁদের মনে রক্তক্ষরণ হয়। সেই ক্ষরণ থামাতে আমরা বাধ্য হয়েই হাত বাড়াই ভিনদেশি ‘বীর’ মলমে—কাল যেমন জিমিনেজ। রাতে দুঃস্বপ্নে তার জায়গায় কতজন যে সাকিব-তামিমদের দেখতে পেয়েছেন!
এই দেখতে পাওয়াটুকুই ভালোবাসা। খেলোয়াড়দের প্রতি এই ভালোবাসাটুকু এখনো জীবন্ত বলেই ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বাঁধেন। হয়তো পরের ম্যাচে...। কিন্তু এই ‘পরের ম্যাচ’ বেশির ভাগ সময়ই ধরা দেয় ‘আলেয়া’ হয়ে। প্রচণ্ড ভালোবাসলে মানুষ আলেয়ার পেছনে ছুটতেও দ্বিধা করে না। ছুটে চলার সেই পথে বারবার হোঁচট খেয়ে রক্ত ঝরে তাদের হৃদয়ে।
ক্রিকেটারদেরও কি রক্ত ঝরে? অ্যান্টিগা টেস্টে সেই প্রশ্নটিই উড়ে বেড়াল সর্বত্র। দেশের জার্সির ওজনটা অনেক হালকাই মনে হলো খালি চোখে। সেখানে না ছিল ঘামের গন্ধ, না ছিল নোনা জলের ফোঁটা।