ত্রাতা, ভরসা, 'ক্রাইসিসম্যান'

দলের বড় ব্যবধানে জয়, সাকিব আল হাসানের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স, মুশফিক-সাব্বিরদের ব্যাটিং। দিন শেষে আড়াল হয়ে গেছে প্রথম ওয়ানডের শুরুটা কত বাজে হয়েছিল বাংলাদেশের। দ্বাদশ ওভারে সাকিব যখন উইকেটে নামেন, দলের রান ৩ উইকেটে ৩১। ২০তম ওভারে মুমিনুল হকের বিদায়ে সেটা হলো ৪ উইকেটে ৭০। সেখান থেকে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সাকিবের রেকর্ড জুটি!
১৪৮ রানের জুটির অংশীদারত্বে সাকিব ভেঙেছেন নিজেরই রেকর্ড। যে রেকর্ডের বয়স ছিল সাড়ে ৬ বছর। চলুন, ওই ম্যাচটিতে ফিরে যাওয়া যাক একটু। ২০০৮ সালের মার্চে মিরপুরে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। আন্দ্রে নেল আর চার্ল লাঙ্গেভেল্টের তোপে সেদিন ১৮ রানে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। রকিবুল হাসানকে নিয়ে এরপর সাকিবের ১১৯ রানের জুটি। তার পরও অবশ্য লড়ার মতো স্কোর সেদিন গড়তে পারেনি বাংলাদেশ (১৭৩), তবে মান অন্তত বেঁচেছিল।
রকিবুলকে নিয়েই সাকিবের আরেকটি শতরানের জুটির কথা বলা যেতে পারে এখানে। ২০০৯ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২১৯ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। সেই রান তাড়ায় আবার ৫৬ রানে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এরপর উইকেটে রকিবুলের সঙ্গী হলেন সাকিব, আর একটিও উইকেট না হারিয়ে বাংলাদেশ জিতে গিয়েছিল ২০ ওভার আগে। অবিচ্ছিন্ন ১৬৫ রানের সেই জুটিতে রকিবুলের অবদান ছিল ৩৯। ৬৮ বলে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন সাকিব।
এই হলেন সাকিব। কখনো বিব্রতকর কিছুর শঙ্কা থেকে বাঁচান দলকে, কখনো উদ্ধার করেন বিপর্যয় থেকে, এনে দেন লড়াই করার রান। কখনো নড়বড়ে জায়গা থেকে দলকে তুলে আনেন জয়ের উচ্চতায়। কখনো একাই জিতিয়ে আনেন। তিনি ত্রাতা, তিনি ভরসা, তিনিই ‘ক্রাইসিসম্যান।’
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি জুটির অংশীদার তিনিই। ওয়ানডেতে ৫২টি সেঞ্চুরি জুটি গড়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, ২০০৬ সালের ৬ আগস্ট সাকিবের অভিষেকের পর থেকে হয়েছে ৩৫টি। এর ১৪টিতেই একপাশে ছিলেন সাকিব!
১৪ সেঞ্চুরি জুটির মাত্র দুটিতেই সাকিব উইকেটে গিয়েছিলেন এমন সময়, যখন দলের রান ছুঁয়েছিল তিন অঙ্ক। বাকি ১২টিই বলা যায় দলের এমন বিপর্যয়ে, জুটির মহিমা ছাড়িয়ে গেছে আসলে শতরানকেও। ৫ উইকেট ৪৩, ৪ উইকেটে ১৯, ২৮ বা ৩০ রানে ৩ উইকেট, এমন সব অবস্থা থেকে টেনে তুলেছেন দলকে।
অবশ্যই সাকিবের ব্যাট জাদুর কাঠি হয়ে যায় না আচমকা। কোনো বিশেষ ফর্মুলা নেই। স্রেফ চেপে বসতে দেন না প্রতিপক্ষকে, স্ট্রাইক বদল করেন নিয়মিত, বল গ্যাপে ঠেলে সিঙ্গেল-ডাবলস নেন প্রচুর, হালকা বলকে দেন প্রাপ্য শাস্তি, উইকেটে সঙ্গী ব্যাটসম্যানের ওপর থেকেও তুলে নেন চাপ। মানসিকতা শক্ত। সাকিবের টেকনিক বাংলাদেশের সেরা অবশ্যই নয়, তবে তিনি দলের সবচেয়ে স্মার্ট ক্রিকেটার। জুটি গড়তে কাজে লাগে সেটিই।
নানা সময়ে, নানা ভূমিকায়, নানা পরিস্থিতিতে সাকিব একই রকম সফল। সাফল্যের রহস্যও এটিই!
দেশের সেঞ্চুরি জুটিতে অংশীদার
সাকিব আল হাসান ১৪
মুশফিকুর রহিম ৮
শাহরিয়ার নাফীস ৭
মোহাম্মদ আশরাফুল ৭
হাবিবুল বাশার ৬
তামিম ইকবাল ৫
সাকিবের শতরানের জুটি
সঙ্গী রান জুটি শুরু প্রতিপক্ষ ভেন্যু সাল
রকিবুল ১৬৫* ৫৬/৩ জিম্বাবুয়ে মিরপুর ২০০৯
মুশফিক ১৪৮ ৭০/৪ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
শাহরিয়ার ১৩৪* ৭২/২ বারমুডা অ্যান্টিগা ২০০৭
হাবিবুল ১৩২ ৩০/৩ কানাডা অ্যান্টিগা ২০০৭
রকিবুল ১১৯ ১৮/৪ দ. আফ্রিকা মিরপুর ২০০৮
আশরাফুল ১১৬ ১৬২/৪ কানাডা অ্যান্টিগা ২০০৭
মুশফিক ১১৬ ৭১/৪ জিম্বাবুয়ে মিরপুর ২০১০
জাভেদ ১০৭ ৭৮/২ ভারত মিরপুর ২০০৭
জুনায়েদ ১০৭ ২৮/৩ আয়ারল্যান্ড বেলফাস্ট ২০১০
মাহমুদউল্লাহ ১০৭ ১২৭/৫ জিম্বাবুয়ে বুলাওয়ে ২০১১
মাহমুদউল্লাহ ১০৬ ৯৫/৫ ভারত মিরপুর ২০১০
নাসির ১০৬ ১৯/৪ পাকিস্তান মিরপুর ২০১১
মুশফিক ১০৫ ৪৩/৫ জিম্বাবুয়ে হারারে ২০১১
হাবিবুল ১০৫ ৯৩/৩ জিম্বাবুয়ে হারারে ২০০৭