তাঁর মাত্রই আগের পূর্বসূরি মাইকেল ক্লার্কের মতো আক্রমণাত্মক অধিনায়ক তিনি নন। তুলনায় স্টিভ স্মিথ যথেষ্টই রক্ষণাত্মক। তবে কল্পনাশক্তিতে তিনি যে ক্লার্কের চেয়ে কম যান না, সেটি বুঝিয়ে দিলেন পরশু। অধিনায়কের বুদ্ধি কাজে লাগিয়ে ১২ বলের এক তাণ্ডব চালালেন মিচেল মার্শ। তাতেই ট্রফি উঠে গেল অস্ট্রেলিয়ার হাতে। ওয়েস্ট ইন্ডিজকে ৫৮ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া।
ব্যাটিংয়ে নেমেই দেখেছিলেন ম্যালকম মার্শাল প্রান্তে ব্যাটিংয়ে অসুবিধা হচ্ছে। ফিল্ডিংয়ে নেমে সে সুবিধা কাজে লাগাতে চাইলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। মার্শকে জোয়েল গার্নার প্রান্ত থেকে বোলিং করতে পাঠালেন ওই প্রান্তে থাকা ঘাস কাজে লাগানোর জন্য। দ্বিতীয় বলেই সাফল্য, ফিরলেন ড্যারেন ব্রাভো। ১৬.২ ওভার থেকে ২০.১ ওভারের মধ্যে মার্শ ২ রান দিয়ে পেলেন ৩ উইকেট। ওই সময়ে দুই স্পেল মিলিয়ে ৬ ওভারে মার্শ দিয়েছেন মাত্র ৭ রান!
এর আগে ওপেনার আন্দ্রে ফ্লেচারকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে পতনের রাস্তায় নেন জশ হ্যাজলউড, শেষটাও করেন তিনি। মাত্র ১৪ বলের মধ্যে শেষ ৪ উইকেট তুলে নিয়ে তিনিই ক্যারিবীয় ইনিংসকে থামিয়ে দেন ২১২ রানে।
তবে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে ২৭১ রানের লক্ষ্য দিতে পেরেছে ম্যাথু ওয়েড ও মার্শের কৃতিত্বে। অ্যারন ফিঞ্চ ও স্মিথ ভালো শুরু করেও ইনিংসগুলো বড় করতে পারেননি। টেলএন্ডারদের নিয়ে ছোট ছোট চারটি জুটি গড়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি জুগিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ওয়েড। এএফপি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৭০/৯ (ওয়েড ৫৭*, ফিঞ্চ ৪৭, স্মিথ ৪৬, মার্শ ৩২; হোল্ডার ২/৫১, গ্যাব্রিয়েল ২/৫৮, ব্রাফেট ১/৩২, পোলার্ড ১/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৪ ওভারে ২১২ (ব্রাভো ৪৫, রামদিন ৪০, হোল্ডার ৩৪; হ্যাজলউড ৫/৫০, মার্শ ৩/৩২, কোল্টার-নাইল ১/৪৬)।
ফল: অস্ট্রেলিয়া ৫৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল মার্শ।
ম্যান অব দ্য সিরিজ: জশ হ্যাজলউড।