ত্রিদেশীয় সিরিজ খেলবে উইন্ডিজ
সুযোগ যখন এসেছেই, সেটা হেলায় হারানোর কী দরকার! আইসিসির র্যা ঙ্কিংয়ে আটের মধ্যে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করার সুযোগটা তাই নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। খেলতে রাজি হয়েছে জিম্বাবুয়েতে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে। আগামী আগস্ট-সেপ্টেম্বরের দিকে অনুষ্ঠেয় আলোচিত এ সিরিজে খেলার কথা স্বাগতিক জিম্বাবুয়ে ও পাকিস্তানের। তবে পাকিস্তান ও জিম্বাবুয়ের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চূড়ান্ত হয়নি সিরিজের সূচিও।
২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ওয়ানডে র্যা ঙ্কিংয়ের সেরা ৮ দল। সেই র্যা ঙ্কিংয়ের হিসাব ধরার শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর। ওই সময় পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের যে সূচি ছিল, তাতে ভারতের সঙ্গে প্রথম দুটি ওয়ানডে জিতেই বাংলাদেশ নিশ্চিত করে ফেলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা। আইসিসির সর্বশেষ র্যা ঙ্কিং অনুযায়ী ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। ৮৮ পয়েন্ট নিয়ে আটে ওয়েস্ট ইন্ডিজ, আর তাদের থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে নয়ে পাকিস্তান। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ জিতলেই ক্যারিবীয়দের টপকে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়ে যাবে পাকিস্তানের। এফটিপিতে সেপ্টেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলা না থাকায় নিজেদের অষ্টম স্থানটা ঝুঁকিতে পড়ে গেছে ভেবেই হয়তো ত্রিদেশীয় এই সিরিজকে ‘হ্যাঁ’ বলছে তারা।
বেশ ভালো অবস্থানে থাকলেও জিম্বাবুয়েতে হঠাৎ করেই এই ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশের জন্য একটু উদ্বেগজনক। তবে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করার সুযোগ কিন্তু বাংলাদেশের থাকছে। আগামী মাসে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি জিতলেই সামান্য অনিশ্চয়তাটুকুও আর থাকবে না। ক্রিকইনফো।