ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগ্রহী নয় ভারত। তবে সেটা পুষিয়ে দিতে ডিসেম্বরে একটা ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদি সেটা হয়, তাহলে ওই ত্রিদেশীয় সিরিজে ভারত-পাকিস্তানের সঙ্গে তৃতীয় দল হিসেবে খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের। দুবাইয়ে আইসিসির সভায় ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এ রকমই একটা খবর দিয়েছে পাকিস্তানের চ্যানেল এআরওয়াই।
সূচি অনুযায়ী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা, যেটি ছিল পাকিস্তানের হোম সিরিজ। তবে সেই সিরিজটি আদৌ হবে কি না, তা নিয়ে বরাবরই সন্দেহ ছিল। এআরওয়াই সূত্রের খবর অনুযায়ী, দুবাইয়ে আইসিসির
সভায় বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই অনুরাগ শাহরিয়ারকে জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে তিনি কোনো আলোচনাই করতে চান না, কারণ এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত। এআরওয়াইয়ের সেই সূত্রের বরাত দিয়েই জানিয়েছে, বিসিসিআই নাকি বিকল্প হিসেবে একটা ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনার কথা বলেছে পিসিবিকে। যে সিরিজের তৃতীয় দল হিসেবে ভারতের পছন্দ বাংলাদেশ।
যদিও এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এসেছে কি না, তা নিশ্চিত করা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছেন, দুবাইয়ের সভায় নাকি বিসিবির সঙ্গে এ বিষয়ে ইতিবাচক আলোচনাই হয়েছে। সেটা কতটুকু ইতিবাচক, তা অবশ্য জানা যাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান দুবাই থেকে দেশের ফেরার পরই।