ত্রিদেশীয় সিরিজ-সফর দুটোই বাতিল করছে পাকিস্তান!

ত্রিদেশীয় সিরিজটার ছক কষেছিল তারাই। উল্টো সেই সিরিজটাই পাকিস্তানের জন্য হয়ে দাঁড়াল মাথা ব্যথার কারণ। এই সিরিজ নিয়ে গত কিছুদিন ধরে নানা খবর আসছিল। সর্বশেষ খবর, ত্রিদেশীয় সিরিজ তো বটেই, জিম্বাবুয়ে সফরটাই বাতিল করছে পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিকে লক্ষ্য করেই সব ছক। সেই চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। নিশ্চিত হয়ে গেছে গেছে ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়াও। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১-এ সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও নিশ্চিত হয়েছে পাকিস্তানের। কিন্তু পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটি হেরে যায়, এর পর ত্রিদেশীয় সিরিজেও জিম্বাবুয়ে কিংবা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে, আবারও অনিশ্চিত হয়ে যাবে তাদের চ্যাম্পিয়নস ট্রফি।
এ ঝামেলায় না গিয়ে পুরো সফরটাই বাতিল করতে যাচ্ছে পাকিস্তান। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পিসিবির একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে এই খবর নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, পিসিবি নিজ স্বার্থে নয়, দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে আগস্টের এই সফরটি বাতিল করছে। কারণ জিম্বাবুয়ে নাকি সিরিজটির কোনো স্পনসরই জোগাড় করতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সেই কমকর্তা অবশ্য স্বীকার করেছে, ত্রিদেশীয় সিরিজটি খেলবে কি না, এ নিয়ে দ্বিধায় ছিল পাকিস্তান, ‘এটা সত্যি আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রিদেশীয় সিরিজটি খেলব কি না, এ নিয়ে নতুন করে ভাবছিলাম। তবে জিম্বাবুয়ে বোর্ডও এই সিরিজের স্পনসর জোগাড় করতে সমস্যায় পড়েছিল। তাই সমঝোতার ভিত্তিতে আমরা সফরটাই বাতিল করলাম।’
কোনো দেশই যখন পাকিস্তানে সফর করতে রাজি হচ্ছিল না, ছয় বছর পর জিম্বাবুয়েই খেলে গেছে পাকিস্তানে। সেই কৃতজ্ঞতাবোধ থেকে জিম্বাবুয়েতে ফিরতি সফর করা পাকিস্তানের কর্তব্যের মধ্যে পড়ে। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন, পাকিস্তান অবশ্যই জিম্বাবুয়ে সফরে যাবে। তবে সেটি এখনই হচ্ছে না। আর সেই সিরিজ দ্বিপাক্ষিক সিরিজই হবে, ত্রিদেশীয় সিরিজ নয়।
কিন্তু এভাবে নির্ধারিত সূচির বাইরে গিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নেওয়া, আবার নিজ স্বার্থ বুঝে সেখান থেকে সরে আসা—এটি তো পিসিবির ভাবমূর্তির জন্যও ভালো নয়। ওই কর্মকর্তা অবশ্য দাবি করলেন, ‘আমরা কিন্তু দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় কোনো সিরিজের জন্যই কোনো চুক্তি করিনি। তবে জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে আমাদের সম্পর্ক যেহেতু ভালো, সেই সম্পর্কের খাতিরে অবশ্যই নিকট ভবিষ্যতে সফরে যাওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কারণ ওরা গত মে মাসে পাকিস্তানে দল পাঠিয়ে আমাদের দারুণভাবে সাহায্য করেছে।’