ত্রিপাতি ঝড়ে কলকাতার হার
ম্যাচটা জমিয়ে দিলেন ডেনিয়েল ক্রিশ্চিয়ান। ২৩ বলে ১৭ রান দরকার, এমন সহজ সমীকরণে ব্যাট করতে নেমে একের পর এক ডট বল খেললেন। ম্যাচটা জমে উঠল দুর্দান্ত। শেষ ওভারে ৫ রান দরকার। ওই ক্রিশ্চিয়ানই ম্যাচটা শেষ করে দিলেন। দ্বিতীয় বলে তাঁর ছক্কাতেই কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারাল রাইজিং পুনে সুপার জায়ান্ট। তবে এ ম্যাচের নায়ক একজনই—রাহুল ত্রিপাতি।
অথচ ম্যাচ নিয়ে সব অনিশ্চয়তা বহু আগেই দূর হয়ে গিয়েছিল। ঝোড়ো এক ইনিংসে সব আলো কেড়ে নিয়েছিলেন রাহুল ত্রিপাতি। শেষ দিকে উল্টো আগ্রহ ছিল, রাহুল ত্রিপাতি সেঞ্চুরি পাবেন কিনা সেটা। শেষ ৩ ওভারে ১০ রান দরকার, ত্রিপাতির দরকার ৯। কিন্তু পুরো ইনিংসে দলকে একাই টেনে নিয়ে যাওয়া ত্রিপাতি পারলেন না। ৯৩ রানেই আউট হয়ে গেছেন। তাঁর ৫২ বলের ইনিংসে ছিল নয়টি চার ও সাতটি ছক্কা। ত্রিপাতি আউট হওয়ার সময় ৮ বলে ৬ রান দরকার ছিল, সে কাজটা ভালোভাবেই সেরেছেন ক্রিশ্চিয়ান।
এর আগে পুরো দায়িত্ব নিজের কাঁধেই টেনে নিয়েছেন ত্রিপাতি। তাঁর ৯৩ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেছেন বেন স্টোকস। তবু ১৫৬ রানের লক্ষ্যে সব সময়ই এগিয়ে ছিল পুনে। ১০.৩ ওভারেই এক শ ছুঁয়েছে পুনে। স্টোকস যখন আউট হচ্ছেন, দলের রান তখন ১৩১. এর মাঝে ৮২ রানই ত্রিপাতির! তাঁর এমন ব্যাটিংয়েই পয়েন্ট টেবিলের তিনে চলে এসেছে পুনে।