ত্রিমুখী শিরোপা লড়াই
শেষ রাউন্ডের জন্যই সব উত্তেজনা তুলে রাখল জাতীয় লিগ। ষোড়শ জাতীয় লিগের শিরোপা নির্ধারিত হবে শেষ রাউন্ডেই। কাল শেষ হওয়া ষষ্ঠ রাউন্ড শেষে খুলনা, রংপুর ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ তিন দলেরই পয়েন্ট ৯৬। চতুর্থ স্থানের দল ঢাকা মহানগরের পয়েন্ট ৭৫।
বৃষ্টিবিঘ্নিত ষষ্ঠ রাউন্ডে তিনটি ম্যাচই ড্র হয়েছে। অন্য ম্যাচটিতে বরিশালের ছুড়ে দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য পেরিয়ে জিতে গেছে রাজশাহী। বিকেএসপির ২ নম্বর মাঠে জয়ের জন্য ৯১ ওভার হাতে পেয়েছিল রাজশাহী। ৬ উইকেট হারিয়ে দলটি লক্ষ্যে পৌঁছায় ৮৯.৩ ওভারে। সর্বোচ্চ ৮০ রান ওপেনার মাইশুকুরের। প্রথম ইনিংসে অপরাজিত ৬৫ রান করা তারেক খান এবার করেছেন ৭৭, হয়েছেন ম্যাচসেরাও। ৩২ বলে ৫০ করেছেন ফরহাদ রেজা।
ফতুল্লায় ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন চট্টগ্রামের ইফতেখার সাজ্জাদ (১২৬*)। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন ঢাকা মহানগরের ‘বোলার’ শামসুর রহমান। মিরপুরে রংপুরের লিটন দাস দ্বিতীয় ইনিংসে করেছেন ৭৪। ৬ ম্যাচের ১১ ইনিংসে ৮৪০ রান করে লিটনই আপাতত লিগের সর্বোচ্চ রানসংগ্রাহক।