থাইল্যান্ডকে ৫৩ রানে অলআউট করে জিতলেন রুমানারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্না ঘোষ—৯ রানে ৪ উইকেট। ফাইল ছবি
পান্না ঘোষ—৯ রানে ৪ উইকেট। ফাইল ছবি

মেয়েদের এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশে মেয়েরা কাল সেই যন্ত্রণাটা উপহার দিল থাইল্যান্ডকে। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মাত্র ৫৩ রানে অলআউট করে ৩৫ রানে জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে তুলেছিল ৮৮ রান।

টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশের মেয়েদের হয়ে সর্বোচ্চ রান সানজিদা ইসলামের। এই ওপেনার ৪৮ বলে ১ চারে করেছেন ৩৮ রান। এ ছাড়া বাংলাদেশের পুরো ইনিংসে বাউন্ডারি আছে আর একটিই। আটে নেমে ৬ বলে বলে অপরাজিত ৯ রান করার পথে ১টি চার মেরেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। সানজিদা ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু ফারজানা হক (৩১ বলে ১৫) ও সালমা খাতুন (১২ বলে অপরাজিত ১০)।

বোলিংয়ে প্রথম ওভারেই দলকে জোড়া সাফল্য এনে দেন পেসার জাহানারা। তৃতীয় ও চতুর্থ বলে ফিরিয়ে দেন চানিদা সুত্তিরুয়াং ও নাত্তায়া বুচাথামকে। নিয়মিত উইকেট হারিয়ে ১৮.৩ ওভারেই অলআউট থাইরা। বাংলাদেশের আরেক পেসার পান্না ঘোষ ৪ ওভারে ৯ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অধিনায়ক রুমানা ৩.৩ ওভারে ৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

আগামীকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ নেপাল। তথ্যসূত্র: ক্রিকইনফো।