
৬৫ (৪৯), ১৫ (১২), ৭৭ (২৫), ৫০ (২৪)। বন্ধনীতে বলসংখ্যা নিয়ে ব্রেন্ডন ম্যাককালামের বিশ্বকাপের চার ইনিংস। ম্যাককালাম এখন বিশ্বকাপ রোমাঞ্চের অন্য নাম! ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর আক্রমণাত্মক অধিনায়কত্বও কিউইদের বাড়তি প্রেরণা। এই ম্যাককালামকে বিশ্বকাপের কোনো ম্যাচেই হারাতে চায় না নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে মিচেল জনসনের বলে আঘাত পেয়েছিলেন বাঁ হাতের কনুইয়ের নিচে। হাত ফুলে গিয়েছিল সঙ্গে সঙ্গেই। পরে আর্মগার্ড পরে ব্যাটিং করলেও শঙ্কা ছিল পরের ম্যাচে খেলা নিয়ে। দল পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে, তবে ম্যাককালামকে গ্রুপ পর্বের সব ম্যাচেই পেতে চায় কিউইরা। আফগানিস্তানের সঙ্গে কিউইদের পরের ম্যাচ রোববার। অধিনায়ক এরই মধ্যে সেরে উঠবেন বলে আশাবাদী কোচ মাইক হেসন, ‘লক্ষণ দেখে সব ঠিকঠাকই মনে হচ্ছে। তবে দু-এক দিনের মধ্যে আমরা আরেকবার তার অবস্থা পর্যবেক্ষণ করব।’ ম্যাককালামের ফুলে যাওয়া হাত দেখে মজা করে বলেছেন, তাঁর হাত নাকি কার্টুন চরিত্র ‘পপাই—দ্য সেইলরম্যান’-এর মতো লাগছিল! মজা করলেও চোটগ্রস্ত ম্যাককালামের চেয়ে বড় দুশ্চিন্তা কোচের কাছে আর কী-ই বা হতে পারে! এএফপি।