
১৯৯২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া। অধিনায়ক মার্টিন ক্রোর অপরাজিত সেঞ্চুরিতে নিউজিল্যান্ড জিতল ৩৭ রানে। ২৩ বছর পর আবার বিশ্বকাপ। আবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লড়াই, সেই ইডেন পার্কেই। ১৯৮২ সালে এ মাঠেই ওয়ানডে অভিষেক হয়েছিল ক্রোর, অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
মার্টিন ক্রো এখন ব্যস্ত জীবনের লড়াইয়ে, প্রাণঘাতী ক্যানসারের বিরুদ্ধে তাঁর বেঁচে থাকার সংগ্রাম। তবে নস্টালজিয়া ছুঁয়ে গেছে তাঁকেও। উত্তরসূরিদের খেলা দেখতে ইডেন পার্কে যাবেন সাবেক কিউই অধিনায়ক। যেখানে শুরুটা হয়েছিল, শেষটাও করতে চান সেখানেই, ‘বিশ্বকাপে আমি এই একটি ম্যাচই দেখতে যাব। ৪৫০০০-এর মতো দর্শক থাকবে সেদিন। শেষ যখন এমন হয়েছিল, সেটি ছিল আমার প্রথম ওয়ানডে ম্যাচ। আমার ক্রিকেটীয় জীবনের শুরু ও শেষটা একই জায়গাতেই হোক।’
নিউজিল্যান্ডকে নিয়ে উচ্ছ্বাস ঝরল ক্রোর কণ্ঠে, ‘নিউজিল্যান্ডকে নিয়ে আমি অনেক গর্বিত। এক বছর ধরে ব্রেন্ডন ম্যাককালাম আর তার দল ভালো করার চ্যালেঞ্জটা নিয়েছে। এ রকম ভয়ডরহীন ক্রিকেটে আমি মুগ্ধ।’ ১৯৯২ বিশ্বকাপে সেমিফাইনালেই আটকে গিয়েছিল নিউজিল্যান্ডের বিশ্বকাপ অভিযান। ব্রেন্ডন ম্যাককালামের দল কত দূর যাবে, তার একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে আগামীকালের ম্যাচেই। এএফপি।