থিম্পুতে শেখ রাসেলের ড্র
চলতি প্রিমিয়ার লিগে দুঃসময় যাচ্ছে শেখ রাসেল ক্রীড়াচক্রের। ৬ ম্যাচের ৫ টিতেই হেরে বসেছে লিগের সবচেয়ে দামি দলটি, অন্য ম্যাচে ড্র করেছে। দেশের মাঠের দুঃস্বপ্ন কাটিয়ে উঠতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চোখ রাখছিল শেখ রাসেল। এএফসি কাপ বাছাইপর্বের প্লে-অফে জয় দিয়ে শুরু করতে চেয়েছিল তারা। কিন্তু আশা পূরণ হয়নি, চীনা তাইপের টাটুং এফসি ক্লাবের সঙ্গে আজ ১-১ গোলে ড্র করেছে শেখ রাসেল।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভালোই শুরু করেছিলেন জামাল ভুঁইয়ারা। ৩২ মিনিটে ইকাঙ্গার গোলে এগিয়েও যায় শেখ রাসেল। এই অগ্রগামিতাকে ধরে রেখে হাসিমুখেই যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল দলটি, তখনই এল ধাক্কা। ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে প্রতিপক্ষ পেয়ে যায় পেনাল্টি। পেনাল্টি থেকে গোল করেন ম্যাচে সমতা ফিরিয়ে আনেন হুয়াং শিহ-চেং।
জিততে না পারলেও ম্যাচ সেরা হয়েছেন শেখ রাসেলের জামাল ভূঁইয়া। গ্রুপে তাদের দ্বিতীয় ও শেষ ম্যাচ আগামী পরশু, সন্ধ্যা সাড়ে ছয়টায় ভুটানের এফসি টারটন্সের বিপক্ষে। ওই ম্যাচে জিতলে মূল প্লেঅফ পর্বে চলে যাবে শেখ রাসেল।