থুতুকে না, দর্শককে হ্যাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেসরিককে দেখা যাবে নতুন এই টুর্নামেন্টে। এএফপি ফাইল ছবি
কেসরিককে দেখা যাবে নতুন এই টুর্নামেন্টে। এএফপি ফাইল ছবি
>করোনাভাইরাস সংক্রমণের মাঝেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ক্যারিবীয় অঞ্চলে। ভিন্সি প্রিমিয়ার লিগ নামের এই টি-টেন টুর্নামেন্ট শুরু হচ্ছে ২২ মে

প্রাণহীন ক্রীড়াঙ্গন ধীরে ধীরে জেগে উঠছে। ইউরোপের বিভিন্ন ক্লাব প্রতিযগিতা জুনে শুরু হতে যাচ্ছে। বুন্দেসলিগা তো এই সপ্তাহেই শুরু হবে। ক্রিকেটও খুব একটা পিছিয়ে থাকছে না। করোনাভাইরাস সংক্রমণের মাঝেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ক্যারিবীয় অঞ্চলে। ভিন্সি প্রিমিয়ার লিগ নামের এই টি-টেন টুর্নামেন্ট শুরু হচ্ছে ২২ মে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমনে সব ধরণের ক্রীড়া প্রতিযগিতা থেমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এবং অর্থনীতিকে চাঙা করতে ফুটবল লিগ চালু করতে যাচ্ছে জার্মানি, স্পেন, যুক্তরাজ্য ও ইতালি। ভিপিএল অবশ্য এত ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছে না। ক্যারিবীয় অঞ্চলে করোনা সংক্রমণের প্রকোপ খুব বেশি নয়। সেন্ট ভিন্সেন্ট অ্যান্ড গ্র্যানাডিনসে এখন পর্যন্ত ১৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১২জনই সেরে উঠেছেন। এ কারণেই ১০ দিন ব্যাপী এই টুর্নামেন্টে দর্শক ঢোকার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না।

সেন্ট ভিনসেন্টের আগেই ক্রিকেট ফিরেছে ভানুয়াতুতে। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ক্যারিবীয়রাই প্রথম যারা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করল। শুধু আয়োজনেই ক্ষান্ত হচ্ছে না, স্টেডিয়ামে দর্শক আসার আহবানও জানাচ্ছে। তবে আইসিসির নতুন এক নিয়ম মেনে খেলা শুরু করছে তারা, আর সেটা হলো বলে থুতু মাখানো যাবে না।

৬ দলের এই টুর্নামেন্টে ৩০টি ম্যাচ হবে। অর্থাৎ দিনে তিনটি করে ম্যাচ হবে। গত ১১ মে এক ড্রাফটের মাধ্যমে প্রতিটি দল ১২ জন করে খেলোয়াড় বেছে নিয়েছে। প্রতি দলে একজন করে 'মার্কি' খেলোয়াড় নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস, ওপেনার সুনীল আমব্রিস ও বাঁহাতি পেসার ওবেড ম্যাককয় আছেন তাঁদের মাঝে।
সেন্ট ভিনসেন্টে স্থানীয় সরকার লোক সমাগমে কোনো নিষেধাজ্ঞা না দেওয়ায় টুর্নামেন্ট আয়োজনে কোনো বাধা দেখছেন না সেন্ট ভিনসেন্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি কিশোর শ্যালো। এখন শুধু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনুমতি পেলেই তারা সফল এক টুর্নামেন্ট আয়োজন করতে পারবেন। তবে দর্শককে সামাজিক দূরত্ব বুজায় রাখার পরামর্শও দিয়ে রেখেছেন শালো। সঙ্গে এটাও বলেছেন, খুব বেশি দর্শক আশা করছেন না তিনি।

এত কষ্ট করে টুর্নামেন্ট আয়োজন করেও দর্শক না পাওয়ার আশা কেন? কারণ, এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে ভারত ভিত্তিক স্পোর্টস টেকনোলজি প্রতিষ্ঠান ড্রিম ইলেভেনের সৌজন্যে। ভারতের দর্শক পেতে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে খেলা শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায়। আয়েশী ক্যারিবীয় দর্শকদের মাঠে দেখার আশা তাই খুব একটা করছেন না আয়োজকেরা।