থেকেও ছিল না বাঁহাতি স্পিনার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু বিস্ময়ের জন্য ‘বিস্ময়’ শব্দটিকেও ঠিক যথেষ্ট মনে হয় না। পরশুর বাংলাদেশ একাদশ যেমন। নেই কোনো বাঁহাতি স্পিনার! ব্যাপারটি এমনই অভাবনীয় যে, সর্বশেষ কবে বাঁহাতি স্পিনার ছাড়া খেলেছে বাংলাদেশ, সে নিয়ে গবেষণা চলল বিস্তর। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস যত এগোল, বিস্ময়টা ক্রমে রূপ নিল হাহাকারে।
পরশুর আগে বাঁহাতি স্পিনার ছাড়া বাংলাদেশের মাঠে নামার সর্বশেষ উদাহরণটির জন্য পিছিয়ে যেতে হবে ২২৮ ম্যাচ। ২০০২ সালে সেই ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকায়, বাংলাদেশ খেলেছিল চার পেসার নিয়ে। অসহায় আত্মসমর্পণের ম্যাচে স্পিনার-টিনারের অভাব অনুভবেরই সুযোগ ছিল না। পরশু পোলার্ড-রামদিনের ব্যাটে যখন ক্রমেই দূরে সরে যাচ্ছে বাংলাদেশের জয়, বারবারই মনে হয়েছে একজন বাঁহাতি স্পিনার যদি থাকত! আলোচনা হলো ধারাভাষ্যকক্ষেও। ক্যামেরায় ধরা পড়লেন আবদুর রাজ্জাক, ২০০ ওয়ানডে উইকেটের মাইলফলক ছোঁয়া বাংলাদেশের একমাত্র বোলার বসে মাঠের বাইরে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ কি রাজ্জাককে বাইরে দেখে অবাক হননি? ‘ঠিক অবাক বলব না। তবে আমার মনে হয়, বোলিং আক্রমণে বৈচিত্র্যের অভাব ছিল। দুজন অফ স্পিনার আমাদের এমনিতেই ছিল, সোহাগ ও মাহমুদউল্লাহ। পার্টটাইমার দুজনও (নাসির ও শামসুর) অফ স্পিনার। ওদের জন্য একটু বেশিই প্রেডিক্টেবল হয়ে গেছে বোলিং, বৈচিত্র্যের জন্য হলেও একজন বাঁহাতি থাকলে ভালো হতো।’
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কণ্ঠেও একই ভাবনার প্রতিধ্বনি, ‘তিনজন পেসার, চারজন অফ স্পিনার বল করল। একজন অন্তত বাঁহাতি থাকলে খানিকটা বৈচিত্র্য থাকত। এমন নয় যে বাঁহাতি থাকলে আমরা অবশ্যই জিততাম। তবে ওদের ডানহাতি ব্যাটসম্যানদের জন্য কাজটা আরেকটু কঠিন হতো। তা ছাড়া রাজ্জাক অনেক অভিজ্ঞ বোলার, জানে এ ধরনের পরিস্থিতিতে কী করতে হয়।’
রাজ্জাককে না খেলানোর সিদ্ধান্তকে সঠিক ধরে নিলেও বিকল্প ছিল। ওপেনার শামসুর রহমানকে মিডল অর্ডার ব্যাটসম্যান না বানিয়ে মুমিনুল হককে খেলালে অন্তত কাজ চালানোর একজন বাঁহাতি স্পিনার তো পাওয়া যেত! গত পরশুর ম্যাচে দলের চারজন ওপেনারকেই নামিয়ে দেওয়া নিয়েও প্রশ্ন আছে। ওপেনার-মিডল অর্ডার নিয়ে অবশ্য আপত্তি নেই ফারুকের, তবে মুমিনুলের ভাবনায় তিনি একমত, ‘ওপেনার হলেই যে চারে খেলতে পারবে না, এমন নয়। এখনকার ক্রিকেটে সবাই অনেক ফ্লেক্সিবল হয়। মুমিনুল খেললে স্পিনে একটা বিকল্প থাকত, খানিকটা বৈচিত্র্য আসত অবশ্যই। তবে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই অনেক ভেবেই ওই সিদ্ধান্ত নিয়েছিল।’
একই ভাবনা আকরামেরও, ‘মুমিনুল থাকলে অন্তত ৩-৪ ওভার বোলিং করতে পারত। আমার মনে আছে মুমিনুল পোলার্ডকে আউটও করেছিল ঢাকায়। ব্যাটিং তো ভালোই ওর, ফিল্ডিংও খুব ভালো করে। তবে টিম ম্যানেজমেন্ট যখন ওই সিদ্ধান্ত নিয়েছে, যৌক্তিক কারণ অবশ্যই আছে। সেটিকেও মাথায় রাখতে হবে আমাদের।’
ফারুক-আকরাম যে পদে আছেন, তাতে সেটি আরও বেশি মাথায় রাখতে হয়।