থেমে গেল ক্রিকেটও
শোকের ছায়া পড়েছে পুরো ক্রিকেট-বিশ্বে। ফিল হিউজের আকস্মিক মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কেউই। মঙ্গলবার শেফিল্ড শিল্ডে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে চার দিনের ম্যাচে ব্যাট করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন হিউজ। ওই ম্যাচটা বাতিল করা হয় সেদিনই। অস্ট্রেলিয়ান ওপেনার হাসপাতালে কৃত্রিম কোমায় থাকা অবস্থাতেই তাঁর সম্মানে বাতিল করা হয়েছিল শেফিল্ড শিল্ডের চলতি রাউন্ডের সবগুলো ম্যাচ। কাল তাঁর মৃত্যুর খবরে বন্ধ রাখা হয় পাকিস্তান-নিউজিল্যান্ডের টেস্টের দ্বিতীয় দিনের খেলাও। শারজায় খেলা শুরুর আধা ঘণ্টা আগে না-ফেরার দেশে চলে যান হিউজ। খেলোয়াড়দের মানসিক ধাক্কা সামলে উঠতে দিতেই দুই দলের সম্মতিক্রমে বন্ধ ঘোষণা করা হয় দিনের খেলা। এক দিন বাতিল হওয়ায় পাঁচ দিনের টেস্টকে বাড়িয়ে ছয় দিনের করা হয়েছে। অর্থাৎ আজ দুই দল মাঠে নামলে সেটি টেস্টের দ্বিতীয় দিন বলে বিবেচিত হবে।
বাতিল করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ও সফররত ভারতের মধ্যে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটাও। অ্যাডিলেডে আজ থেকে শুরুর কথা ছিল দুই দিনের এ ম্যাচ। শোকের জমাট অন্ধকারের কারণে শঙ্কার মধ্যে ব্রিসবেনে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্টও। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড অবশ্য বলেছেন, ‘টেস্ট ক্রিকেট যেহেতু আগামী সপ্তাহে আমরা সেটা নিয়ে এখনো ভাবিনি। মনে হয় না সেটা নিয়ে ভাবার এটা যথার্থ সময়।’ এএফপি।