

ম্যাচটা শেষ হলো রাত দশটা বিশে। সেটি আনুষ্ঠানিক সমাপ্তি। কিন্তু কেউ যদি বলে, এই ম্যাচের ফলাফল লেখা হয়ে গেছে আরও অনেক আগেই, তা একদমই ভুল হবে না।
ভারত তিন শ পেরিয়ে যাওয়ার পর তো অবশ্যই। তিন শ রান তাড়া করাটা ছেলেখেলা হয়ে যাওয়ার যুগেও এমসিজিতে এখনো এই ঘটনা ঘটেনি। বাংলাদেশ প্রথমবারের মতো তা করে ফেলবে, এটা ভেবে থাকলে বলতে হবে, আপনি বড় বেশি আশাবাদী মানুষ।
তবে ভারত তিন শ করে ফেলারও ঘণ্টা খানেক আগেই তো আসলে এই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে। কোনো খেলোয়াড় নন, যা লিখে দিয়েছেন দুই আম্পায়ার। নইলে তো ভারতের তিন শই হয় না।
ভারতীয় ইনিংসের ৪০তম ওভারে রুবেলের যে বলটিকে উচ্চতার কারণে ‘নো’ ডাকলেন ইয়ান গোল্ড, সেটি বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটি হয়ে থাকবে। ভদ্রতা করে ‘বিতর্কিত’ না বলে ‘অবিশ্বাস্য ভুল’ বলা উচিত। অনেকে অবশ্য এটাও বেশি ভদ্র হয়ে গেল ভেবে ‘দিনে-দুপুরে ডাকাতি’ বলে ফেলছেন।
নো-বল ডেকেছেন ইয়ান গোল্ড। তবে উচ্চতার কারণে নো ডাকা হবে কি হবে না, এটি আসলে স্কয়ার লেগ আম্পায়ারের সিদ্ধান্ত। গোল্ড হাত প্রসারিত করেছেন স্কয়ার লেগ থেকে আলিম দারের ইশারা পেয়েই। হতভম্ব বাংলাদেশের তখন রিভিউ নেওয়ারও সুযোগ নেই। বিশ্বকাপে প্রতি ইনিংসে রিভিউ নিয়ে একবার বিফল হলেই সব শেষ। সুরেশ রায়নার বিপক্ষে এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ার পর মাশরাফি তা নিয়ে ফেলেছেন। সেই সিদ্ধান্তটা নিয়েও চাইলে প্রশ্ন তোলা যায়। লেগ স্টাম্পের বাইরে বলটির কত অংশ ছিল, ভেতরে কত—এ নিয়ে তর্কের সুযোগ আছে। তবে এমন তর্কের ব্যাপার থাকলে সাধারণত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকার নিয়ম বলে এটি না হয় মেনে নেওয়া গেল। কিন্তু রুবেলের ওই বলটি তো কোনোভাবেই ‘নো’ হয় না।
ডিনার টেবিলে পাওয়া গেল মার্ক ওয়াহকে। এই বিশ্বকাপে যাঁর অস্ট্রেলীয় নির্বাচক ও ধারাভাষ্যকারের দ্বৈত ভূমিকা। একটু আগে ব্রায়ান লারার সঙ্গে আম্পায়ারের ওই সিদ্ধান্ত নিয়েই টিভিতে আলোচনা করে এসেছেন। দুজনই একমত যে, ওটি নো বল ছিল না। তা জানিয়ে আরেকটি প্রশ্নও তুলছেন মার্ক ওয়াহ। মাঠের আম্পায়াররা কেন টিভি আম্পায়ারের মতামত চাইলেন না? প্রশ্নটাকে আরও ছড়িয়ে দিয়ে এটাও আলোচিত হচ্ছে, টিভি আম্পায়ার যেখানে প্রতিটি আউটের পর বোলারের ওভার স্টেপিংয়ের কারণে নো বল হয়েছে কি না দেখেন, তা হলে এ ক্ষেত্রে কেন ব্যতিক্রম হবে?
১০৯ রানে ফলাফল নির্ধারিত হওয়া ম্যাচে আম্পায়ারের একটা সিদ্ধান্ত নিয়ে এত কথা খরচ করে ফেলাটা একটু অস্বাভাবিক। তবে কালকের উপমহাদেশীয় কোয়ার্টার ফাইনালে বাকি সবকিছু ছাপিয়ে এটিই যে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠছে। রোহিত শর্মা তখন ১০১ বলে ৯০। ৪০তম ওভারে ভারত ৩ উইকেটে ১৯৬। সেখান থেকে যে ভারত তিন শ রানের অনতিক্রম্য একটা চূড়ায় উঠে গেল, তার মূলে তো আম্পায়ারের বদান্যতায় পাওয়া নতুন জীবন। যে ‘জীবন’ শেষ হলো পরের ২৫ বলে আরও ৪৭ রান করে ফেলার পর। মাশরাফি বিন মুর্তজা যেখানে আফসোস করছেন, ভারতের রানটা ২০-৩০ বেশি হয়ে গেছে, সেখানে এটিকেই তো অনায়াসে ম্যাচের নির্ধারক বলে দেওয়া যাচ্ছে।
আম্পায়ারিং নিয়ে মনে প্রচণ্ড ক্ষোভ চেপে রেখে মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে শুধু বললেন, ‘আমার এখানে কিছু বলা ঠিক হবে না। মাঠে যা হয়েছে, তা তো আপনারা দেখেছেনই।’ গভীর রাতে জানা গেল, আম্পায়ারিং নিয়ে বাংলাদেশ আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে। সেই অভিযোগপত্রে এই প্রশ্নটাও জুড়ে দেওয়া উচিত, বিশ্বকাপের মতো আইসিসি টুর্নামেন্টে ম্যাচ চলাকালে মাঠের বড় পর্দায় কীভাবে ‘জিতেগা রে জিতেগা, ইন্ডিয়া জিতেগা’ ভেসে ওঠে?
গ্যালারি থেকে এই স্লোগান নিয়মিতই উঠছিল। এমসিজিতে ৮০ হাজার দর্শক হবে না ৮৫ হাজার—ম্যাচ শুরুর আগে এ নিয়ে যেখানে আলোচনা, গ্যালারির বড় একটা অংশ খালিই পড়ে রইল। এত বড় স্টেডিয়াম যে, তার পরও দর্শকসংখ্যা ৫২ হাজার ৫৫২। বাংলাদেশিরাও সাজ সাজ রব করতে করতে ঢুকেছে, তবে সংখ্যায় তো আর ভারতীয়দের সঙ্গে পারা সম্ভব নয়। তবে সংখ্যাগরিষ্ঠ সেই ভারতীয় সমর্থকদের ম্যাচের প্রথম ৩০ ওভার নীরবই করে রেখেছিল বাংলাদেশ দল। ২৮ ওভারের মধ্যে ৩টি উইকেট তুলে নেওয়া বড় কিছু নয়, কিন্তু ভারতকে ১১৫ রানে আটকে রাখা অবশ্যই। আউট হওয়া তিন ব্যাটসম্যানের কারও ৬০-এর বেশি স্ট্রাইক রেট নেই। স্টেডিয়ামে মাঝেমধ্যেই বেজে ওঠা গানটি তখন খুবই প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে—পূর্ব দিগন্তে আসলেই বোধ হয় সূর্য উঠছে।
মেলবোর্নের সূর্য অবশ্য বিকেল থেকেই মেঘের সঙ্গে লুকোচুরি খেলায় মগ্ন। রাতে বৃষ্টির পূর্বাভাস ছিল। এ দেশে এমন পূর্বাভাস মানেই সেটিকে অনিবার্য ধরে নেওয়া। কাল ব্যতিক্রম হলো। সাড়ে পাঁচটার দিকে একপশলা বৃষ্টি নেমেছিল, তবে সেটি মিনিট দশেকের বেশি খেলা বন্ধ রাখতে পারেনি। বৃষ্টি নামার সময় ৩৮.১ ওভারে ভারত ৩ উইকেটে ১৮৬। আবার খেলা শুরু হওয়ার ২ ওভার পরই আলিম দার ও ইয়ান গোল্ডের ওই কাণ্ডে বাংলাদেশ দল যেন এলোমেলো হয়ে গেল। বাকি ১১.৫ ওভারেই এল ১১৬ রান।
বাংলাদেশ যখন ব্যাটিং করতে নেমেছে, জয়-পরাজয় ততক্ষণে নির্ধারিত হয়ে গিয়ে কৌতূহল শুধু একটাই—ম্যাচটায় একটু হলেও প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছড়াবে কি না। স্কোরবোর্ডে ৩৩ রান তুলে পর পর দুই বলে দুই ওপেনারের বিদায় সেই আশার সমাধি খুঁড়তে শুরু করল। এই বিশ্বকাপে এর চেয়ে খারাপ অবস্থা থেকেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যাটিং। কিন্তু বিশ্বকাপের শেষ দিনটা যেন বাংলাদেশের জন্য শুধু দুঃখই লিখে রেখেছিল। ইনিংসে সর্বোচ্চ স্কোর মাত্র ৩৫, সেটিও আট নম্বরে নামা নাসির হোসেনের। যাঁর আউটে শুরু ধসে মাত্র ১৩ বলে ৪ উইকেট হারিয়ে হঠাৎই শেষ হয়ে গেল ইনিংস। বাংলাদেশের বিশ্বকাপও!