দ. আফ্রিকাকে চটিয়েছেন রিচার্ডসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভ রিচার্ডসন
ডেভ রিচার্ডসন

কথাটা তিনি কেন বলেছেন বা কীভাবে বলেছেন, তা এখনো ঠিক পরিষ্কার নয়। তবে সম্প্রতি শ্রীলঙ্কা সফরে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের একটি মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ২০১৪ সালে ক্রিকেটে যখন ‘তিন মোড়ল শাসনের’ প্রস্তাব ওঠে, দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ডের মতো দেশগুলো জোরালো প্রতিবাদ করেনি বলে দাবি করেছেন রিচার্ডসন। যে মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
রিচার্ডসন নিজেও অবশ্য তখন এই তিন মোড়ল তত্ত্বের পক্ষে অনেক কথা বলেছেন। তবে সাবেক এই দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার-ব্যাটসম্যান সম্প্রতি শ্রীলঙ্কায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘২০১৪ সালে আইসিসি যে নিয়ম পাস করেছিল, তার কারণে ক্রিকেটই টালমাটাল হয়ে পড়েছিল। দুর্ভাগ্যজনকভাবে তখন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ডের মতো দেশগুলো শক্তিধর এই তিন দেশের সামনে সাহস করে দাঁড়াতে পারেনি। তবে আমার মনে হয় না এ রকম আর কখনো হবে।’
রিচার্ডসনের এই কথাটাই তাতিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। সিএসএর প্রধান নির্বাহী হারুন লরগাত প্রায় ধুয়ে দিয়েছেন রিচার্ডসনকে, ‘তিনি যা বলেছেন তা যদি সঠিকভাবে সংবাদমাধ্যমে এসে থাকে, সেটা আমাদের জন্য একটা বিশাল ধাক্কা। যিনি একসময় ২০১৪ সালের পরিবর্তন প্রক্রিয়ার অংশ ছিলেন, তার কাছ থেকে এমন মন্তব্য শুধু অর্থহীন প্রলাপই নয়, আমাদের জন্য অপমানজনকও।’
দক্ষিণ আফ্রিকা তখন সামর্থ্যের সবটুকু দিয়ে প্রতিবাদ করেছিল বলেও দাবি লরগাতের, ‘২০১৪ সালের মূল প্রস্তাবটি ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর তা সিএসএ শুরু থেকেই বুঝতে পেরেছিল। এ জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে মিলে দক্ষিণ আফ্রিকাও শুরু থেকেই এর প্রতিবাদ করেছে। আইসিসি বোর্ডকে এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকা বোর্ড একটা লিখিত প্রতিবাদও পাঠিয়েছে। যার ফলেই মূল প্রস্তাবের অনেকগুলো বিষয় পরে সংশোধন করা হয়েছে। ভবিষ্যতেও দক্ষিণ আফ্রিকা এমন প্রতিবাদ করে যাবে।’ ক্রিকইনফো।