দ. আফ্রিকার ক্রিকেটে বর্ণবাদের অন্য রূপ
সদ্য প্রকাশিত আত্মজীবনীতেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বর্ণবৈষম্য নিয়ে দুঃখের কথা জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। যাতে প্রশ্ন রেখেছেন, দলে কজন শ্বেতাঙ্গ কিংবা অশ্বেতাঙ্গ, তাতে কারও কিছু আসলেই কি যায় আসে? ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সে প্রশ্নের উত্তর দিয়ে দিল। কাল বোর্ডের সাধারণ সভা শেষে জানিয়ে দেওয়া হলো, এখন থেকে প্রাদেশিক দলগুলোর মতো জাতীয় ক্রিকেট দলেও কমপক্ষে ছয়জন অশ্বেতাঙ্গ খেলোয়াড় থাকতে হবে।
দক্ষিণ আফ্রিকায় যেকোনো খেলার দলে কমপক্ষে ৫৪ শতাংশ অশ্বেতাঙ্গ থাকার নিয়ম করা হয়েছে আগেই। একমাত্র ক্রিকেট দলই সেটি পুরোপুরি অনুসরণ করত না। যে কারণে দক্ষিণ আফ্রিকান বোর্ডের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেট বোর্ড এবার সেই ঝামেলা মিটিয়ে ফেলল নতুন নিয়ম প্রয়োগের মাধ্যমে। নতুন নিয়মে ছয় অশ্বেতাঙ্গের মধ্যেও কমপক্ষে দুজনকে হতে হবে কৃষ্ণাঙ্গ। তবে প্রতিটি ম্যাচেই এই নিয়ম মেনে চলতে হবে তা নয়, পুরো মৌসুমে তিন সংস্করণের গড় হিসাব করা হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত টেস্টেই অবশ্য এই নিয়ম মেনে দল গঠন করা হয়েছিল। দুই কৃষ্ণাঙ্গ হিসেবে ছিলেন টেন্ডা বাভুমা ও কাগিসো রাবাদা। অন্য চার অশ্বেতাঙ্গ ছিলেন হাশিম আমলা, জেপি ডুমিনি, ভারনন ফিল্যান্ডার ও ডেন পিট। এএফপি।