দ.আফ্রিকার অধিনায়ক মার্করাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ৮ ম্যাচের অভিজ্ঞতাতেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে মার্করামকে। ফাইল ছবি
মাত্র ৮ ম্যাচের অভিজ্ঞতাতেই অধিনায়কত্ব দেওয়া হয়েছে মার্করামকে। ফাইল ছবি
>
  • ফ্যাফ ডু প্লেসির চোটে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এইডেন মার্করাম
  •  তরুণ এই ক্রিকেটার খেলেছেন ৬ টেস্ট ও ২ ওয়ানডে
  • ২৩ বছর বয়সী মার্করাম এবি ডি ভিলিয়ার্সের বদলে ভারতের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন

এইডেন মার্করামের আন্তর্জাতিক অভিষেক এই সেদিন, গত সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টে। ৬ টেস্ট ও ২ ওয়ানডের অভিজ্ঞতা যার ঝুলিতে সেই তাঁকেই বানিয়ে দেওয়া হলো দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক!
ডারবানে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই আঙুল ভেঙেছে নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির। সিরিজের বাকি ম্যাচ গুলি যে তিনি খেলতে পারবেন না, সেটি জানাই ছিল। কিন্তু মার্করামের ভারপ্রাপ্ত অধিনায়ক হওয়ার বিষয়টি কিন্তু বিস্ময় হয়েই এসেছে।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ‘ভিশন ২০১৯’ ভাবনা থেকেই এই সিদ্ধান্তের উৎপত্তি। ভবিষ্যতের যোগ্য অধিনায়কের দেখা তারা পেয়েছে মার্করামের মধ্যেই, তাই তাঁকে এখন থেকেই দায়িত্বে অভ্যস্ত করে তোলার চেষ্টা চলবে।
ভারতের বিপক্ষে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজে মার্করামের জায়গা হয়েছিল চোটাক্রান্ত এবি ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে। আর তিনিই কিনা হয়ে গেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক!

এখনো পর্যন্ত দুটি ওয়ানডে খেলেছেন, পেয়েছেন একটি ফিফটি, সেটি বাংলাদেশের বিপক্ষে, ইস্ট লন্ডনে। ডারবানে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে তিনি আউট হয়েছেন ৯ রান করেই। টেস্টে অবশ্য তিনি দুর্দান্ত। পচেফস্ট্রুমের অভিষেক ম্যাচেই তিনি মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি। তবে ব্লুমফন্টেইনে ঠিকই সেঞ্চুরি তুলে নেন (১৪৩)। পোর্ট এলিজাবেথে জিম্বাবুয়ের বিপক্ষে পরের টেস্টেও করেছেন সেঞ্চুরি (১২৫)। নার্ভাস নাইন্টিজের শিকার হয়েছেন ডিসেম্বরে ভারতের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টেও—৯৪ রানে ফিরেছিলেন তিনি। ৬ টেস্টের ১০ ইনিংসে ৫২.০০ গড়ে ইতিমধ্যেই ৭৯৫ রান তাঁর।
২৩ বছর বয়সী মার্করাম অবশ্য অল্পের জন্য প্রোটিয়াদের সর্বকনিষ্ঠ ক্রিকেট অধিনায়ক হতে পারছেন না। এই রেকর্ডটি এখনো গ্রায়েম স্মিথের দখলে। ২০০৩ সালে হঠাৎ করেই ২২ বছর ৫৯ দিন বয়সে তাঁকে দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল।