দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে জব্দ করার অভিনব উপায় স্মিথদের

• দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সেই অনুরোধ রাখেনি
• জবাবে অভিনব প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটাররা
• ‘অ্যামবুশ মার্কেটিং’ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে ‘জব্দ’ করতে চেয়েছে স্মিথরা
একটা অনুরোধ করেছিল অস্ট্রেলিয়া দল। কিন্তু দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড সে অনুরোধ রাখেনি। অন্য কোনো দল হলে একটু গাঁইগুঁই করে মেনে নিত। কিন্তু অস্ট্রেলিয়া বলে কথা! ঠিকই দারুণ এক উপায় বের করে বিপদে ফেলে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)কে। সিএসএর স্পনসরদের খেপিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টাই করছেন স্মিথ ও তাঁর দলবল।
চলতি সিরিজের প্রতিটি মুহূর্ত ধরা পড়ছে সম্প্রচার প্রতিষ্ঠানের কাছে। ওভারের বিরতির সময়ে কিংবা বল যখন ‘ডেড’ হচ্ছে তখনো স্টাম্প মাইকের শব্দ গ্রহণ করছে সুপার স্পোর্টস। অস্ট্রেলিয়া দল অনুরোধ করেছিল, এ সময়গুলোতে যেন শব্দ গ্রহণ বন্ধ থাকে। কারণ এই সময়ে খেলোয়াড়েরা অনেক সময় আলটপকা কথা বলে ফেলেন। নিকট অতীতে এ কারণে বিপাকে পড়েছে অনেক ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় চলা সিরিজগুলোতে বল ‘ডেড’ হলে কিংবা ওভার শেষ হলে মাইক বন্ধ রাখা হয়। স্মিথরাও সেটিই করার অনুরোধ করেছিলেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অবশ্য রাখেনি সে অনুরোধ।
স্মিথরাও প্রতিশোধ নিয়েছেন দারুণ। তারা সিরিজের চলতি স্পনসরদের বিপক্ষে ‘অ্যামবুশ মার্কেটিং’য়ে নেমেছে। সিএসএর অফিশিয়াল স্পনসর হচ্ছে ক্যাসল ল্যাগার বিয়ার। স্মিথরা সুযোগ পেলেই ‘এক্সএক্সএক্সএক্স’ বিয়ারের প্রসঙ্গ টেনেছেন। ‘এক্সএক্সএক্সএক্স’ যে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পনসর। আইসিসিকেও ছাড় দেননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মাঠের আম্পায়ারদের স্পনসর করছে বিমান সংস্থা এমিরেটস। তাঁদের কাছে গিয়ে অস্ট্রেলিয়ানদের প্রশ্ন, ‘কানটাস কত ভালো, তাই না?’ কানটাস এয়ারলাইনসও ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পনসর। এমিরেটসকে তাই এমন খোঁচা দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন স্মিথরা।
মিচেল মার্শ অবশ্য একে ঠিক প্রতিবাদ মানতে রাজি নন, ‘আমি ঠিক প্রতিবাদ বলব না। আমাদের স্পনসরদের একটু প্রশংসা করার ভালো সুযোগ বলব একে। কানটাস, আমাদের নিরাপদে এখানে আনার জন্য ধন্যবাদ! এটা স্পনসরদের উদ্দেশ্যে আমাদের রসিকতা।’
অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে এমন প্রতিবাদ এবারই প্রথম নন। ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে স্টাম্প মাইক চালু রাখার প্রতিবাদে সরব ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। কখনো ট্রাভেলেক্স, কখনো মাইলো বার অথবা ক্যাস্ট্রল তেলের প্রসঙ্গ তুলে বোলারদের অনুপ্রাণিত করেছিলেন গিলি।