দক্ষিণ আফ্রিকা দলে অনেক সন্ন্যাসী

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেলতে এসেছে বিরাট এক লট-বহর নিয়ে। দলে ১৫ জন খেলোয়াড় তো আছেনই, সঙ্গে আছেন ১৮ জনের সহযোগীর এক বড়সড় দল। ব্যাপারটি ইতিমধ্যেই আলোচনা ও কৌতুকের জন্ম দিয়েছে বিশ্বকাপ অঙ্গনে।
এমনিতেই বিশ্বকাপের শুরুটা তাদের খুব একটা ভালো হয়নি। মাঠের খেলা নিয়ে সমালোচনা তো তাই আছেই। এরই মধ্যে বিশাল বহরের ব্যাপারটি প্রোটিয়াদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতোই মনে হচ্ছে। অনেকেই বলছে, অধিক সন্ন্যাসীতে সম্ভাবনা নষ্ট হচ্ছে দলটির। দক্ষিণ আফ্রিকার দুর্বল পারফরম্যান্সের কারণ অনুসন্ধানেও সবাই প্রয়োজনের অতিরিক্ত লোকজনের প্রসঙ্গই টেনে আনছেন।
দলে প্রয়োজনের অতিরিক্ত লোকজনের উপস্থিতি খেলোয়াড়দের ওপর বাড়তি বোঝার মমো—এমন অভিমত অনেক সাবেক ক্রিকেটারেরই। তাঁদের মতে, এর ফলে খেলোয়াড়দের মাঠে এবং অনুশীলনের সময় মনঃসংযোগে বিঘ্ন ঘটে। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের একসময়ের সদস্য স্টিভ রিক্সনও অতিরিক্ত কোচিং সহযোগীর উপস্থিতিকে অপ্রয়োজনীয় বলে মনে করেন। তিনি বলেন, ‘কোচিং ব্যবস্থাপনায় এত মানুষের উপস্থিতি নিতান্তই অপ্রয়োজনীয়। বেশি মানুষের উপস্থিতি মানেই ধরে নেওয়া যায়, দলে লোকজন ঠিকমতো কাজ করছে না।
ভারতের বিপক্ষে ভরাডুবির পর দলে বাড়তি লোকজনের ব্যাপারে সমালোচনা ঝরেছে হার্শেল গিবসের কণ্ঠেও, ‘আমি মনে করি না অনুশীলনের সময় অতগুলো মানুষের কোনো প্রয়োজন আমাদের আছে। অনুশীলনের সময়টিকে ঝামেলামুক্ত রাখা দরকার’—গিবসের এই অসন্তোষ প্রকাশিত হয় এক টুইটার বার্তায়।
দক্ষিণ আফ্রিকা দলের তরফ থেকে অবশ্য এ আলোচনার কোনো জবাব দেওয়া হয়নি।
সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড