দক্ষিণ আফ্রিকা মানেই কি তবে অমন একটা ছবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎপল শুভ্র
উৎপল শুভ্র

বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকার বিদায়ের ছবি মানেই তা হলে ক্রিকেটের অমন অ্যালবামে সেটির ঠাঁই পেয়ে যাওয়া!
১৯৯২ বিশ্বকাপ সেমিফাইনালে ‘১ বল ২২ রান’ ফুটিয়ে তোলা সেই স্কোরবোর্ড যদি বিশ্বকাপের নিষ্ঠুরতম রসিকতার ছবি হয়, ১৯৯৯ এজবাস্টনে আনন্দে উদ্বেলিত এগারো অস্ট্রেলিয়ানের পাশে হতভম্ব ল্যান্স ক্লুজনার আর অ্যালান ডোনান্ড চরমতম শোকের। বিশ্বকাপের সবচেয়ে বিখ্যাত ছবিও কি এটাই? যা দেখামাত্রই সবাই বুঝে ফেলেন, এই সেই অবিশ্বাস্য ‘টাই’। সেমিফাইনালে না হেরেও ফাইনাল খেলতে না পারার যন্ত্রণায় দগ্ধ হওয়ার অভিজ্ঞতা—এ শুধু দক্ষিণ আফ্রিকারই জুটেছে।
২০০৩ বিশ্বকাপে ডারবানে শন পোলকের ওই ছবিটাই বা কীভাবে ভুলে যাবেন! ডাকওয়ার্থ-লুইসের হিসাব ভুল করে নিজেদের দেশে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর ড্রেসিংরুমের জানালায় দুই হাতে মুখ ঢেকে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক! সেটি অবশ্য সেমিফাইনাল ছিল না, ছিল সুপার সিক্সে ওঠার ম্যাচ।
ওই ছবিগুলোর পাশে এখন কোন ছবিটাকে রাখবেন? মাঠে বসে কাঁদছেন মরনে মরকেল! নাকি মাঠ থেকে বেরোতে বেরোতে চোখের জল মুছছেন এবি ডি ভিলিয়ার্স? টুকরো টুকরো কত হিরণ্ময় ছবির কোলাজই না কালকের ইডেন পার্ক! শেষ পর্যন্ত বাকি সব মুছে গিয়ে শেষের ওই বেদনাবিধুর ছবিগুলোই যেন মহাকাব্যিক এই ম্যাচের স্থিরচিত্র হয়ে রইল।
ম্যাচ শেষে কিউইদের বাঁধনহারা উল্লাসের ছবিও উঁকি দিচ্ছে মনে। তবে এ এমনই আবেগে উথালপাথাল এক ম্যাচ যে, আনন্দে ভেসে যেতে যেতেও দক্ষিণ আফ্রিকানদের কথা ভেবে একটু হলেও খারাপ লাগছে ব্রেন্ডন ম্যাককালামের! ১৯৯৯ এজবাস্টনে যেমন লেগেছিল স্টিভ ওয়াহর। ওই ম্যাচের আগে দুই দলের মধ্যে এমন কথার গোলা ছোড়াছুড়ি, অথচ ম্যাচ শেষে আবেগকে শত্রু জ্ঞান করা স্টিভ ওয়াহ দক্ষিণ আফ্রিকার দুঃখে দুঃখী!
দুই দলেরই সেমিফাইনালে থেমে যাওয়ার ইতিহাসের কারণে ম্যাচের আগে প্রশ্নটা বদলে গিয়েছিল। ‘কারা জিতবে’ না হয়ে ‘কারা হারবে?’ ম্যাচ শেষে জ্যাক ক্যালিসের টুইটটা বোধ হয় এটি মনে রেখেই। দক্ষিণ আফ্রিকা হারেনি, নিউজিল্যান্ড জিতেছে। ব্যবহারে ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়াতেই হয়তো চিরন্তন সেই কথাটা বলেননি—এই ম্যাচে আসলে জিতেছে ক্রিকেট! একতরফা ম্যাচের প্রদর্শনী সাজিয়ে বসা এই বিশ্বকাপকে সুষমায় ভরে দিল এই সেমিফাইনাল। অনেক দিন যা স্মৃতিতে ফিরে ফিরে আসবে। কিন্তু তা কি এটাও মনে করিয়ে দেবে না, শেষ পর্যন্ত এটিও দক্ষিণ আফ্রিকার আবারও সেই চৌকাঠে হোঁচট খাওয়ার করুণ কাহিনি?
নিউজিল্যান্ডও এর আগে ছয়টি সেমিফাইনাল খেলে কখনো ফাইনালে উঠতে পারেনি। তাতে কিন্তু কেউ তাদের সম্পর্কে ‘সি’ দিয়ে শুরু ওই শব্দটা ব্যবহার করেনি। বরং এতবার সেমিফাইনাল পর্যন্ত যাওয়াটাকেই কৃতিত্ব বলে ধরা হয়েছে। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে হারার পর স্টিভেন ফ্লেমিংয়ের সংবাদ সম্মেলনটা এখনো মনে পড়ে। বারবার সেমিফাইনালে এসে থেমে যাওয়া নিয়ে প্রশ্ন করায় নিউজিল্যান্ড অধিনায়ক অর্ধেক খালি না দেখে পানির গ্লাসটাকে অর্ধেক ভরাই দেখলেন। নিউজিল্যান্ডের জনসংখ্যা, ক্রিকেটারের সংখ্যা এসব মনে করিয়ে দিয়ে এতবার সেমিফাইনালে খেলাটাই যে কত বড় ব্যাপার, তা একবার ভাবতে অনুরোধ করলেন সবাইকে।
দক্ষিণ আফ্রিকার ঘটনা তা নয়। এত বছরের নির্বাসন থেকে ফিরে ১৯৯২ সালে বিশ্বকাপে প্রথম খেলতে নেমেই সেমিফাইনালে উঠে যাওয়াটা বিস্ময়ই ছিল। কিন্তু এর পর থেকে তো প্রায় প্রতিটি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকা শিরোপার দাবি নিয়ে এসেছে। অথচ ফাইনালেরই মুখ দেখা হয়নি। এবারও হলো না।
‘সি’ দিয়ে শুরু ওই শব্দটা এবার বলা ঠিক হবে না, এটা বলতে গিয়েও শব্দটা ঠিকই এসে পড়ছে। কেভিন পিটারসেন তো টুইটই করেছেন—‘দক্ষিণ আফ্রিকা আজ চোক করেনি। তুলনামূলক ভালো দলের কাছে হেরেছে।’ কথাটা ঠিকই আছে। তবে দক্ষিণ আফ্রিকা যতদিন না বিশ্বকাপ জিতছে, ম্যাচ হারলেই ওই শব্দটা উঁকিঝুঁকি দেবেই দেবে। অন্য দল হারলে সেটির ক্রিকেটীয় কারণই খোঁজা হয়, শুধু দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেই ব্যতিক্রম। এর জন্য দায়ীও তো দক্ষিণ আফ্রিকাই।
১৯৯২ বিশ্বকাপে ভাগ্যকে শাপশাপান্ত করে সান্ত্বনা খুঁজতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সুযোগ কালকের ম্যাচেও আছে। বৃষ্টিটা এমন সময় নামল যেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার চরম শত্রুতা। মিলারের কল্যাণে তার পরও স্কোরটা খারাপ হয়নি। ডাকওয়ার্থ-লুইস দক্ষিণ আফ্রিকা যা করেনি, সেটাই করতে বলেছে নিউজিল্যান্ডকে। তাতেও বোধহয় ক্ষতিপূরণ হয়নি। শেষ ১০ ওভারে ডি ভিলিয়ার্স ও দক্ষিণ আফ্রিকার রেকর্ডের কারণে বৃষ্টি নামার আগে যেটি খুবই সম্ভব বলে মনে হচ্ছিল, ৫০ ওভারে সেই ৩৫০-৩৬০ তাড়া করা অবশ্যই আরও অনেক কঠিন হতো।
এটা না হয় ভাগ্যের মার। কিন্তু এবি ডি ভিলিয়ার্স যে রানআউটটা করতে পারলেন না, সেটির কী ব্যাখ্যা? অথবা এক ক্যাচ ধরতে গিয়ে দুই ফিল্ডারের তালগোল পাকিয়ে ফেলা! শেষ পর্যন্ত প্রতীকী বোধ হয় ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য ওই ব্যর্থতাই। নতুন দক্ষিণ আফ্রিকার প্রতীকই মনে করিয়ে দিলেন পুরোনো সেই দক্ষিণ আফ্রিকাকে। চাপে ভেঙে পড়ার সেই ইতিহাসকে।
ম্যাচটা এখনো এমনই বিহ্বল করে রেখেছে যে কথাগুলো যেন কেমন শোনাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে একটা হাততালি হয়ে যাক। শুধু নিউজিল্যান্ডের জন্য নয়, দক্ষিণ আফ্রিকার জন্যও।
আহা, কী ম্যাচটাই না খেলল ওরা!