দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালটা বাংলাদেশ দলের জন্য দারুণ ব্যস্ত কাটবে। ফেব্রুয়ারিতে বিশ্বকাপ দিয়ে শুরু। এর পরও আছে বড় বড় সব সিরিজ। সেসবের মধ্যে কাল দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচিও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিবি।
আগামী ৩০ জুন ২ টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা দল। ৩ জুলাই ফতুল্লায় প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচের পর ৫ ও ৭ জুলাই সিরিজের দুটি টি-টোয়েন্টি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। একই মাঠে ১০ ও ১২ জুলাই হবে প্রথম দুটি ওয়ানডে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫ জুলাই হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। ওই ভেন্যুতেই প্রথম টেস্ট শুরু ২১ জুলাই। মিরপুরে ৩০ জুলাই শুরু হবে দ্বিতীয় টেস্ট।
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই অবশ্য ভারত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কাল নিশ্চিত করেছেন, ‘এপ্রিলে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এরপর জুনে ভারতীয় দল একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করবে।’ এ ছাড়া অক্টোবরে দুটি টেস্ট খেলতে অস্ট্রেলিয়া দলেরও বাংলাদেশে আসার কথা আছে।