বিপদ কাটিয়েছে দ.আফ্রিকা

দশ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে একশ পেরোবার আগেই চার উইকেট হারিয়ে ফেলার ধাক্কাটা দক্ষিণ আফ্রিকা সামাল দিয়েছে বেশ ভালোভাবেই। পঞ্চম উইকেট জুটিতে জেপি ডুমিনি ও ডেভিড মিলারের ১২৯ রানের দুর্দান্ত এক জুটিই শুরুর বিপদ কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াতে সহায়তা জুগিয়েছে প্রোটিয়াদের। এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৪৫ ওভারে ৪ উইকেটে ২৩৫।
টসে হেরে ব্যাট করতে নেমেই জিম্বাবুয়ের বোলারদের সামনে কেমন যেন গুটিয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। প্রথম দশ ওভারে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৮। একদিনের ম্যাচে ২০০১ সালের পর এটাই প্রোটিয়াদের সর্বনিম্ন সংগ্রহ (প্রথম দশ ওভারে)। মাত্র ১০ রানে প্রথম উইকেট তুলে নেওয়ার পর জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার আরও তিনটি উইকেট তুলে নেয় ৮৩ রানের মধ্যেই। কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফ্যাফ ডু প্লেসি ও এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের হারিয়ে ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকাকে পথ দেখান ডুমিনি ও মিলার।
ডুমিনি অপরাজিত আছেন ৭০ রানে, মিলারের ব্যাট থেকে এসেছে হার না মানা ৮৫। জিম্বাবুয়ের পক্ষে পানিয়াঙ্গারা, চাতারা, কামুনগোজি ও চিগুম্বুরা নিয়েছেন একটি করে উইকেট।