দক্ষিণ আফ্রিকাই এগিয়ে ছিল, দাবি আমলার

তিন দিন দুই দলের মাঝে সমানে সমানে লড়াইয়ের পর শেষ পর্যন্ত বৃষ্টির জয়। ফলে সিরিজের প্রথম টেস্টে ড্র মেনে নিতে হয়েছে দুই দলকে। তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকান দুই ওপেনার যখন অপরাজিত থেকেই মাঠ ছাড়ছিলেন, তখনো বাংলাদেশ ১৭ রানে এগিয়ে। শেষ দুদিন ম্যাচ গড়ালে কী হতো কে জানে। তবে হাশিম আমলা দাবি করলেন, এই টেস্টে এগিয়ে ছিল তাঁর দলই।
ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হতাশ। বেশি হতাশ বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা ড্র করায়। পঞ্চম দিনের উইকেটে তাঁর বোলাররা বাংলাদেশ দলের শক্ত পরীক্ষা নিত বলেই মনে করেন আমলা।
আজ সংবাদ সম্মেলনে আমলা বলেছেন, ‘চতুর্থ দিনের শুরুতে আমরাই এগিয়ে ছিলাম। বাংলাদেশকে শেষ দিনে ব্যাট করতে হতো। আমরা ২৫০ রান করতে পারলেই খেলা জমে উঠত। শেষ দিনে এই রান তাড়া করাটা বাংলাদেশের জন্য কষ্টকর হতো। কিন্তু বৃষ্টির ওপর তো কারও হাত নেই।’
এই টেস্টে বাংলাদেশও যে র্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা নিয়েছে, সেটা অকুণ্ঠচিত্তে স্বীকার করে নিলেন আমলা। বিশেষ করে প্রথম ইনিংসে ২৪৮ রানে সফরকারীদের অলআউট করে দেওয়ার প্রসঙ্গটিও উঠে এল, ‘এই টেস্ট থেকেও আমরা কিছু শিক্ষা নিচ্ছি। টেস্টের প্রথম দুই সেশন আমাদের নিয়ন্ত্রণেই ছিল, ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু দিনের শেষ সেশনে গিয়ে পথ হারিয়েছি। অবশ্য এটিই টেস্ট ক্রিকেট, এখানে খেলার মোড় ঘুরবেই। এর পর বাংলাদেশ খুব ভালো ব্যাট করেছে। তবে আমরাও আমাদের কাজটা ঠিকভাবেই করেছি। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়েই আমরা ৬১ রান করেছিলাম, তাই জয়ের রাস্তায় আমরাই ছিলাম বলে আমার বিশ্বাস।’
ওয়ানডের পর টেস্টেও বাংলাদেশ উন্নতির ছাপ রাখল এই ম্যাচ দিয়ে। বাংলাদেশের প্রশংসার পাশাপাশি আমলা বাড়তি বাহবা দিলেন এই টেস্টে অভিষিক্ত মুস্তাফিজকে। তবে সামনের কঠিন পথটির কথাও স্মরণ করিয়ে দিলেন, ‘ও খুব ভালো বল করেছে, বেশ কিছু উইকেটও নিয়েছে। তবে টেস্ট ক্রিকেটে ধাতস্থ হতে সময় লাগবেই। ওর ক্যারিয়ার তো মাত্র শুরু হলো। এত দ্রুত কারও সম্পর্কে বলা সম্ভব নয়, তা সে বোলার হোক কিংবা ব্যাটসম্যান। সময়ই বলবে টেস্ট বা ওয়ানডেতে ওর ভবিষ্যৎ কেমন হবে।’
র্যাঙ্কিংয়ের নয়ে থাকা দলের সঙ্গে ড্র করাটা এক নম্বর দলের জন্য হতাশারই। সেই হতাশা কাটিয়ে তাঁর দল ঢাকায় ঝাঁপিয়ে পড়বে বলেই বিশ্বাস অধিনায়কের। ৩০ জুলাই শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। তাঁর অধীনেই বাংলাদেশের সঙ্গে প্রথমবারের টেস্ট ড্র করতে বাধ্য হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো সিরিজ পরাজয়ের স্বাদও পেয়েছে আমলার নেতৃত্বেই। টেস্ট সিরিজে আমলা তাই হয়তো খালি হাতে ফিরবেন না বলেই পণ করেছেন।