দক্ষিণ আফ্রিকাকে চমক দেখালেন অভিষিক্ত বোলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর নিয়ুম্বু। ছবি: এএফপি
অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর নিয়ুম্বু। ছবি: এএফপি

রান একটু বেশিই খরচ করতে হলো, ১৫৭। তা হোক। টেস্ট অভিষেকেই ৫ উইকেট তো মিলল। দক্ষিণ আফ্রিকার শেষ উইকেটটি নিয়ে তাই হাঁটু গেড়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুললেন না জন নিয়ুম্বু। দ্বিতীয় জিম্বাবুইয়ান হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন কোনো বোলার। আগের কৃতিত্বটি ছিল অ্যান্ডি ব্লিগনটের, ২০০১-এ বুলাওয়ে টেস্টে বাংলাদেশের বিপক্ষে।
তথ্যটা একটু বিভ্রান্তি জাগাতে পারে। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের অভিষেক টেস্টেই জন ট্রাইকোসও নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু ট্রাইকোসের সেটা অভিষেক টেস্ট ছিল না। দক্ষিণ আফ্রিকার হয়ে এর আগে তিনটা টেস্ট খেলে ফেলেছিলেন তিনি।
ট্রাইকোসকে তালিকায় নিলেও সংখ্যাটা কিন্তু মাত্র তিন। আর তাই এমন তালিকায় থাকতে পারাটা নিয়ুম্বুর জন্য নিশ্চয়ই গর্বের। তাই এ গর্বের দিনে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট করল জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে তৃতীয় দিন শেষে করেছে ১ উইকেটে ২৮। এখনো পিছিয়ে ১১৩ রানে। মরনে মরকলের শিকার হয়ে ফিরেছেন হ্যামিলটন মাসাকাদজা (১৮)।
আগের দিনের ৪ উইকেটে ২০১ রানের সঙ্গে আজ ১৯৬ রান যোগ করে অলআউট হয়েছে প্রোটিয়ারা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ফ্যাফ ডু প্লেসিস ও কুইন্টন ডি কক পঞ্চম উইকেট জুটিতে তোলেন সর্বোচ্চ ১১৯। নিয়ুম্বুর শিকার হয়ে ডু প্লেসিস ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থেকে। ডি কক করেছেন ৮১। টেন অ্যাকশন ও ক্রিকইনফো।