দক্ষিণ আফ্রিকাকে জন্টি রোডসের খোঁচা

>দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩৩০। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান বাংলাদেশেরই। ডু প্লেসির তো বটেই, চিন্তার ভাঁজ পড়েছে সাবেক প্রোটিয়া খেলোয়াড় জন্টি রোডসের কপালেও। দক্ষিণ আফ্রিকান এই খেলোয়াড় ইতিমধ্যেই টুইট করে তাঁর দুশ্চিন্তার কথা জানিয়েছেন
উদ্বোধনী জুটিতে ৬০ রান, উপমহাদেশের দেশগুলোর মধ্যে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ। তামিম-সৌম্যর পর ম্যাচের হাল ধরলেন সাকিব-মুশফিক। ১৪২ রানের জুটিতে এবার ২০১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রানের জুটিও এখন বাংলাদেশের দখলে। শুধু তাই নয় বিশ্বকাপের এখন সর্বোচ্চ রেকর্ডও বাংলাদেশের দখলে। এতেই দুশ্চিন্তায় পড়ে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় জন্টি রোডস।
ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং নিয়েই মূল দুশ্চিন্তায় ছিল সবাই। ইংল্যান্ডের বাউন্সি পিচে পারবে তো বাংলাদেশ? দ্য ওভালে অবশ্য সব দুশ্চিন্তার অবসান ঘটিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। মূল কাজটা অবশ্য করেছে অভিজ্ঞ সাকিব-মুশফিক। আট চার, এক ছয়ে ৮৪ বলে ৭৫ করলেন সাকিব। আশির ঘর ছুঁতে পারেননি মুশফিকও । আট চারে ৮০ বলে ৭৮ রান করে ফিকোয়াওর বলে ক্যাচ তুলে সাজঘরে ফিরেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
সাকিব মুশফিকের পর শেষের ছোঁয়া দিয়েছেন মাহমুদউল্লাহ-মোসাদ্দেক। ৫০ ওভারে বাংলাদেশের রান ৩৩০। ইংল্যান্ডের কন্ডিশনে রানটা কমও নয় আবার আহামরি বেশিও নয়। এর আগেই অবশ্য চিন্তায় পরেছেন দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা ফিল্ডার জন্টি রোডস। বাংলাদেশের স্কোর দুই শ ছোঁয়ার আগেই আধুনিক ফিল্ডিংয়ের জন্মদাতা এই খেলোয়াড় টুইট করে জানিয়েছেন, ‘ওকে, টাইম টু প্যানিক।’ সঙ্গে মুখ চেপে হাসার ইমোটিকনও দিয়েছেন। চাপের মুখে দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়ার চিরায়ত অভ্যাসের কথা মনে করেই হয়তো। আজ ফিল্ডিংয়েও বেশ কয়বার স্বভাববিরুদ্ধ ভুল করতে দেখা গেছে প্রোটিয়া ফিল্ডারদের।
ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ স্কোর করেছে বাংলাদেশ। এ সংগ্রহ নিয়ে আশাবাদী সাকিব। বাংলাদেশের ব্যাটিং শেষে এই বাঁহাতি অলরাউন্ডার জানান, ‘আমার মনে হয় এই রান দিয়ে জেতা সম্ভব। আমাদের ভালো বল করতে হবে। সবার মধ্যেই এই আত্মবিশ্বাস আছে যে আমরা জিতব।’