দক্ষিণ আফ্রিকান হিসেবে লজ্জিত ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকান হিসেবে লজ্জিত জ্যাক ক্যালিস। ফাইল ছবি।
দক্ষিণ আফ্রিকান হিসেবে লজ্জিত জ্যাক ক্যালিস। ফাইল ছবি।

হঠাৎ করেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ওপর কালো ছায়া। অশ্বেতাঙ্গ ক্রিকেটারের কোটা পূরণ না হওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। শুধু ক্রিকেট নয়, রাগবি, নেটবল ও অ্যাথলেটিকসও পেয়েছে এই নিষেধাজ্ঞা। এই ব্যাপারটাই মেনে নিতে পারছেন না জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকান হিসেবে পরিচয় দিতেই লজ্জা হচ্ছে তাঁর।
গত বছর দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটা চুক্তি হয়েছিল দেশের পাঁচটি ফেডারেশনের। সেটি অনুসারে, দলে অন্তত ৬০ ভাগ অশ্বেতাঙ্গ খেলোয়াড় থাকার কথা। কিন্তু ক্রিকেটে সেই হার ৫৫ শতাংশ। শুধু ফুটবলই শর্ত পূরণ করতে পেরেছে। সে জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। দেশটির সরকারই ক্রীড়া সংস্থাগুলোর ওপর দিয়েছে এই নিষেধাজ্ঞা।
এই ব্যাপারটাই মানতে পারছেন না ক্যালিস। টুইটারে নিজের ক্ষোভও জানিয়েছেন, ‘খুবই দুঃখিত, নিজেকে একজন দক্ষিণ আফ্রিকান ভাবতে কষ্ট হচ্ছে আমার। এই যুগে খেলাধুলায় রাজনীতির কোনো জায়গা নেই।’
দক্ষিণ আফ্রিকার বর্তমান ক্রিকেটাররা অবশ্য এটা নিয়ে মুখ খোলেননি। ডেল স্টেইন শুধু খবরটির লিংক টুইট করেছেন। তবে সাবেক ক্রিকেটার প্যাট সিমকক্স অন্য একটা প্রশ্ন তুলেছেন, ‘সাঁতার ও গলফ কীভাবে এই তালিকা থেকে বাদ গেল?’