দক্ষিণ আফ্রিকার আগে মুমিনুলদের বগুড়া যাওয়া ‘পুরোপুরি সফল’
যে উদ্দেশ্যে বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্প বগুড়ায় করা হয়েছে, সেটি পুরোপুরি সফল হয়েছে বলে মনে করছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।
দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে গত ২৫ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছিল এ ক্যাম্প। ২৩ ক্রিকেটারকে নিয়ে এই ক্যাম্প আজ শেষ হলো। বাংলাদেশ টাইগার্স শুধু ক্রিকেটারদের নয়, নির্বাচকদেরও সহায়তা করবে বলে মনে করেন হাবিবুল।
বেশ কিছুদিন ধরেই আলোচনায় থাকা বিসিবির নতুন প্রোগ্রাম বাংলাদেশ টাইগার্সের জন্য এটিই ছিল প্রথম অনুশীলন ক্যাম্প। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের বাইরে থাকা টেস্ট দলের খেলোয়াড়েরাও ক্যাম্পে অংশ নেন।
টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ছিলেন এ ক্যাম্পে। বিসিবি কোচ মিজানুর রহমানের অধীন এই ক্যাম্পে ব্যাটিং কোচ হিসেবে ছিলেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। বোলিং কোচের দায়িত্বে ছিলেন আরেক সাবেক ক্রিকেটার নাজমুল হাসান।
এ ছাড়া বিদেশি বিশেষজ্ঞ হিসেবে শ্রীলঙ্কার সাবেক পেসার এবং বাংলাদেশের পেসারদের নিয়ে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন চম্পকা রমানায়েকেও ছিলেন।
আজ ক্যাম্পের এক ফাঁকে বিসিবির ভিডিও বার্তায় হাবিবুল বলেছেন, ‘যেহেতু সামনে আমাদের দক্ষিণ আফ্রিকা সফর, সেই সফরে কেমন কন্ডিশন মোকাবিলা করতে হতে পারে, সেটা মাথায় রেখে এখানে ক্যাম্প করা হয়েছিল। বগুড়ার উইকেট বেশ ভালো, সিমিং–বান্ধব উইকেট। এখানে পেস ও বাউন্স থাকে। কিউরেটরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যত দূর সম্ভব কাছাকাছি কন্ডিশন তৈরি করার। সেটা তাঁরা করতে পেরেছেন। আমি খেলোয়াড় ও অফিশিয়াল এখানে যাঁরা আছেন, সবার সঙ্গে কথা বলেছি। বিশেষ করে কোচরা খুবই খুশি। সবাই বলেছেন, খুব ভালো স্পোর্টিং উইকেট ছিল। খেলোয়াড়েরাও খুব ভালো অনুশীলন করতে পেরেছেন। আমরা যে উদ্দেশ্যে বগুড়াতে এসেছিলাম, আমার মনে হয় সেটা পুরোপুরি সফল হয়েছে।’
বাংলাদেশ টাইগার্সের এই ক্যাম্প পরিচালনার উদ্দেশ্যও জানালেন হাবিবুল, ‘অনেক সময় এমন হয়, স্কোয়াডের বাইরে থেকে খেলোয়াড় দরকার হলে অনেক সময় তাদের প্রস্তুত অবস্থায় পাই না। বিশেষ করে মৌসুমের ফাঁকে। যেহেতু আমাদের সামনে প্রচুর খেলা, আমাদের স্কোয়াডটা বড় করতে হচ্ছে। ২০ জনকে নিয়ে আমরা বসে থাকতে পারছি না। যেহেতু এই বছর অনেক খেলা আছে, অনেকে চোটে থাকবে, অনেক খেলোয়াড়কে হয়তো পাব না। সে ক্ষেত্রে বিকল্প প্রস্তুত রাখা খুব জরুরি। এই ক্যাম্প খেলোয়াড়দের সাহায্য করছে, একইভাবে নির্বাচকদের জন্যও এটা বড় সুবিধা। আমরা যখন গ্রুপের বাইরের কাউকে চাইছি, তাকে প্রস্তুত অবস্থায় পাচ্ছি। বাংলাদেশ টাইগার্সের মূল উদ্দেশ্য এটাই।’
লেগ স্পিনাররা হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডে থাকায় তাঁদের টাইগার্সের ক্যাম্পে আনা হয়নি বলে জানিয়েছেন হাবিবুল। তরুণ লেগ স্পিনাররা এইচপি থেকে বের হলে তাঁদের টাইগার্সে আনার কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকা সফরে ১১ মার্চ রওনা হবে জাতীয় দল। সেখানে তিন ম্যাচ ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।