দক্ষিণ আফ্রিকার চমকে দেওয়া এক সিদ্ধান্ত

ফাফ ডু প্লেসির ইঙ্গিতটা পরিষ্কার ছিল। তবু আবারও ভালোভাবে তাকিয়ে নিশ্চিত হতে হলো, আসলেই কি ইনিংস ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক! ৯ উইকেটে ২৫৯ রান। খুব বেশি পুঁজি জমেনি স্কোরবোর্ডে। এ অবস্থায় টেস্টের প্রথম দিনে কে কবে ইনিংস ঘোষণা করেছেন? অ্যাডিলেড ইতিহাসের তৃতীয় দিবারাত্রির টেস্টে এমন চমক জাগিয়ে ইনিংস ঘোষণা করল সফরকারীরা।
টেস্টে প্রথম ইনিংসে এর চেয়ে কম রানে ইনিংস ঘোষণা করা হয়েছে মাত্র ১০ বার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকারও একটি ইনিংস আছে। সেটি ২০০০ সালের ম্যাচ পাতানোর কলঙ্কযুক্ত সেই সেঞ্চুরিয়ন টেস্টের ঘটনা। পাকিস্তানেরও যেমন ১৩০ রানে ইনিংস ঘোষণার রেকর্ড আছে। তবে ১৯৭৪ সালে লর্ডস টেস্টের সেই ঘটনার সঙ্গে বৃষ্টি ও বৃষ্টিতে অরক্ষিত উইকেট থেকে সুবিধা নেওয়ার একটা বিষয় ছিল। আজও দক্ষিণ আফ্রিকার এমন চমকে দেওয়া সিদ্ধান্তের পেছনে থাকল সুবিধা নেওয়ার ইচ্ছাই। ফ্লাডলাইট ও গোলাপি বলে দিনের শেষ দশটা ওভার খেলার কঠিন চ্যালেঞ্জে অস্ট্রেলিয়াকে নামিয়ে দিলেন ডু প্লেসি!
গোলাপি বল ফ্লাড লাইটের আলোতে খেলা কঠিন। সে জন্যই এমন চমক জাগানো সিদ্ধান্ত এই সফরে এরই মধ্যে বেশ আলোচনার জন্ম দেওয়া প্রোটিয়া অধিনায়কের। তবে যে উদ্দেশ্যে ইনিংস ঘোষণা করেছেন, সেটির পূর্ণতা দিতে পারেননি প্রোটিয়া বোলাররা। কিংবা বলা ভালো, অস্ট্রেলিয়া সত্যিকারের টেস্ট মেজাজ দেখিয়ে দিনের শেষ ১২ ওভারে ১৪ রান দিন কোনো বিপদ ঘটতে দিল না। উসমান খাজা ও অভিষিক্ত ম্যাট রেনশ অপরাজিত থেকেই দিন পার করলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম দুটি স্কোরিং শটেই চার মেরে ৩৪ বলে ৮ রান রেনশের। আর খাজার ৩ রান এসেছে ৩৯ বলে। অস্ট্রেলিয়া এখনো পিছিয়ে ২৪৫ রানে।
এর আগে অ্যাডিলেডের দ্বিতীয় দিবা-রাত্রির টেস্টের শুরুটা দুর্দান্ত হয়েছে অস্ট্রেলিয়ার। দিনের সপ্তম ওভারে ডিন এলগারকে আউট করে শুরুটা করেছেন মিচেল স্টার্ক। দিন জুড়েই স্বাগতিক বোলারদের প্রাধান্য ছিল। স্টার্ক, জশ হ্যাজলউড ও জ্যাকসন বার্ডের তোপের মুখে বড় কোনো জুটিই গড়তে পারেনি দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৫৪ রান এল অষ্টম উইকেট জুটিতে—কাইল অ্যাবট ও ডু প্লেসির মধ্যে। আর চতুর্থ উইকেটে স্টিফেন কুক ও ডু প্লেসি যোগ করেছেন ৫১ রান।
৪০ রান করে কুক আউট হওয়ার পর পুরো দলকে টেনে নিয়েছেন ডু প্লেসি। অন্য প্রান্তে কারও সঙ্গ পাননি, তবু হাল ছাড়েননি। ২২০ রানে নবম উইকেট পড়ার পর তাব্রেজ শামসিকে নিয়ে ৬ ওভারে ৩৯ রান করে ফেলেছেন। এরপরই চমক জাগিয়ে ওই ইনিংস ঘোষণা। ডু প্লেসি তখন অপরাজিত ১১৮ রানে, ১৬৪ বলের দুর্দান্ত এই ইনিংসে ১৭টি চার মেরেছেন তিনি।