বছরের প্রথম টেস্টে কে ফেবারিট, সে প্রসঙ্গ তোলারও দরকার নেই। চোখ বন্ধ করে, কোনো দিকে না তাকিয়েই বলে ফেলা যায়, কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে। তবে ম্যাচের আগে দুই দলের ভাবনা বলুন কিংবা দুশ্চিন্তা, এই বিষয়ে পার্থক্য নেই কোনো। দুই দলের অসন্তুষ্টিই ব্যাটিং নিয়ে।
প্রথম টেস্টে ২০৬ রানের জয় পেলেও প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ফাফ ডু প্লেসি চাচ্ছেন নিজেদের এই খুঁত কাটিয়ে উঠতে। নতুন বছরটা ভালো কাটাতে চাইলে ব্যাটিংয়ে ভালো করাটা যে গুরুত্বপূর্ণ, ‘যদিও আমরা ভালো করছি, কিছু কিছু এলাকায় আরেকটু উন্নতি করতে হবে। আমাদের আরও ধারাবাহিক হতে হবে। দল হিসেবে ব্যাটিংটা আরও ভালো হতে হবে।’
এ ম্যাচটা আসলেই প্রোটিয়াদের জন্য নিজেদের পারফরম্যান্স আরেকটু ভালো করার। না হলে এ টেস্ট নিয়ে তো স্বাগতিকদের দুশ্চিন্তার কিছু নেই। এ মাঠে কোনো এশীয় দলের কাছে হারেনি দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর নিউল্যান্ডসে প্রোটিয়াদের অবশ্য শুধু অস্ট্রেলিয়াই হারাতে পেরেছে! আর স্বাগতিকদের পেসারত্রয়ী যে ফর্মে আছেন তাতে কেপটাউন টেস্টেও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের।
শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও জানেন সেটা। কেপটাউনে তাই ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে বলছেন, ‘আমাদের আরও রান করতে হবে, যাতে বোলাররা বল করার কিছু পুঁজি পায়।’
ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা যেমনই হোক, দর্শক আগ্রহের কমতি নেই। প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে গতকালই। ক্রিকইনফো, সুপার স্পোর্টস।